১৭ বছর ধরে পদোন্নতি জটিলতা। এর খেসারত দিচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর উপজেলার ২৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক। কোথাও সহকারী শিক্ষককে দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত দায়িত্ব, কোথাও চলছে চলতি দায়িত্বে। ফলে শ্রেণিকক্ষে পাঠদান ও বিদ্যালয়ের প্রশাসনিক কাজ- দুই সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা। দুই উপজেলার এসব বিদ্যালয়ে নিয়মিত প্রধান শিক্ষক ছাড়াই পড়াশোনা করছে ৫৩ হাজার ৯৩ জন শিক্ষার্থী ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।
সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের ভাষ্য, মামলা-সংক্রান্ত জটিলতায় ২০০৯ সাল থেকে প্রাথমিক সহকারী শিক্ষকদের পদোন্নতি প্রক্রিয়ায় জটিলতা দেখা দিয়েছে। দীর্ঘদিনের এ অচলাবস্থা আগামী জানুয়ারি থেকে কাটার সম্ভাবনা রয়েছে। তবে কবে নাগাদ সব শূন্য পদ পূরণ হবে, তা এখনো নিশ্চিত নয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রাজারহাটের সাতটি ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১২৩টি। এর মধ্যে ৭১টি বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক। মাত্র ৫২টি বিদ্যালয়ে কর্মরত রয়েছেন নিয়মিত প্রধান শিক্ষক।
শূন্য পদগুলোর মধ্যে ২০টি বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা চলতি দায়িত্ব পালন করছেন। বাকি ৫১টি বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী শিক্ষকদের। এ ছাড়া সহকারী শিক্ষকের ৩১টি পদও শূন্য রয়েছে।
রাজারহাটের এসব বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ১৬ হাজার ৮৪৩ জন। তাদের মধ্যে ছেলে ৮ হাজার ৩১ জন এবং মেয়ে ৮ হাজার ৮১২ জন।
অন্যদিকে, উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় রয়েছে ২৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর মধ্যে ২০০টি বিদ্যালয়েই প্রধান শিক্ষকের পদ শূন্য। অর্থাৎ উপজেলার ৭৫ শতাংশ বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক।
রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পশ্চিম চর বিদ্যানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুদু মিয়া বলেন, ‘প্রতিদিন আমাকে তিন থেকে চারটি ক্লাস নিতে হয়। বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় অতিরিক্ত প্রশাসনিক দায়িত্বও পালন করতে হচ্ছে। একদিকে ক্লাসের চাপ, অন্যদিকে প্রশাসনিক কাজ- সব মিলিয়ে হিমশিম খেতে হচ্ছে।’
চাকিরপাশার ইউনিয়নের নীলেরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিয়া ইফতেখার হোসেন রাঙ্গা বলেন, ‘প্রধান শিক্ষক না থাকায় দাপ্তরিক কাজের পাশাপাশি পাঠদানের দ্বিগুণ চাপ সামলাতে হচ্ছে। জরুরি কাজে উপজেলা শিক্ষা অফিসে যেতে হয়। শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। এ কারণে বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান কমে যাচ্ছে।’
এদিকে, উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাভলী ও মাদারটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ইউসুফ ফারুকীও একই কথা বলেছেন। তারা বলেন, ‘ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার পর থেকেই দাপ্তরিক কাজের চাপের কারণে নিয়মিত ক্লাসেও সময় দিতে পারছি না। ফলে শিক্ষার্থীরা ক্লাসের পড়া থেকে অনেকটা পিছিয়ে যাচ্ছে।
রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, ‘প্রধান শিক্ষক পদ শূন্য থাকার বিষয়টির সঙ্গে পদোন্নতির বিষয়টি জড়িত। পদোন্নতি হলে প্রধান শিক্ষকের পদগুলো আর শূন্য থাকবে না। আমরা শূন্য পদের তালিকাসহ প্রয়োজনীয় তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। গ্রেডেশন ও পদোন্নতির তালিকা আগামী ১৫ নভেম্বরের মধ্যে পাঠানো হবে। আশা করছি, খুব দ্রুত এ সমস্যার সমাধান হবে।’
কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী জানান, মামলা-সংক্রান্ত জটিলতার কারণে ২০০৯ সাল থেকেই প্রাথমিক সহকারী শিক্ষকদের পদোন্নতি প্রক্রিয়ায় জটিলতা দেখা দেয়। এ কারণে প্রধান শিক্ষকের পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। তবে আগামী জানুয়ারি মাস থেকে এ জটিলতা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে দীর্ঘদিন ধরে শূন্য থাকা প্রধান শিক্ষকের পদগুলো পূরণের পথ তৈরি হতে পারে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন