দিনাজপুরের ফুলবাড়ীতে চুরির চার দিনের মাথায় চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. লুৎফর রহমান ওরফে লতিফুর রহমান (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে তিনটার দিকে দিনাজপুর কোতোয়ালি থানার নুনাইচ গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার ও চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ফুলবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইস্তাবনগর এলাকার দুলাল মার্কেটে হাসেম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে একটি টিভিএস অ্যাপাচি আরটিআর-১৬০ সিসি মোটরসাইকেল চুরি হয়। কালো রঙের মোটরসাইকেলটির মালিক রংপুরের মিঠাপুকুর উপজেলার উচা বালুয়া গ্রামের আয়নাল মিয়া (৩৬)। চুরি যাওয়া মোটরসাইকেলটির আনুমানিক মূল্য দুই লাখ টাকা।
এ ঘটনায় আয়নাল মিয়া ফুলবাড়ী থানায় মামলা করেন। মামলা নম্বর ১৫, তারিখ ১৫ নভেম্বর ২০২৬। জিআর মামলা নম্বর ২২৬। মামলাটি দণ্ডবিধির ৩৭৯ ধারায় করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানায়, চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে দিনাজপুরের পুলিশ সুপারের নির্দেশনায় তিনি (ওসি) সহ পুলিশ পরিদর্শক (তদন্ত) তয়ন কুমার মন্ডল এবং উপপরিদর্শক (এসআই) এস এম আশিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দিনাজপুর কোতোয়ালি থানার ৭ নম্বর উত্তরাইল ইউনিয়নের নুনাইচ গ্রামে রুবেল মিয়ার মুরগির খামারের সামনে থেকে লুৎফর রহমানকে আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
উদ্ধার করা মোটরসাইকেলটি বর্তমানে ফুলবাড়ী থানা-পুলিশের হেফাজতে রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি আরো জানায় অনান্য চুরির ঘটনাগুলোর মালামাল উদ্ধার ও চোরদের গ্রেফতারের জন্যও পুলিশি অভিযান চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন