দেশের কৃষি ও কৃষকের অধিকার সুরক্ষায় তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ-৩১) উন্নত দেশগুলোর কাছে ঋণ নয়-অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবিতে রংপুরে প্রতীকী মানববন্ধন ও র্যালি করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) নগরীর তাজহাটে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে ডপস ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার’ শীর্ষক দেশব্যাপী প্রচারাভিযানের অংশ হিসেবে দেশের ১৫ জেলার ৩০টি নাগরিক সংগঠন এই কর্মসূচি পালন করছে।
রংপুরে এই কর্মসূচিতে প্রায় ৬০ জন কৃষক, নারী কৃষক, জেলে এবং তরুণ অংশ নেন। এসময় সামছুল হক মাস্টারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- নারীনেত্রী লিপিকা ইয়াসমিন, শিক্ষার্থী মমিনুল ইসলাম, কৃষক আব্দুল হান্নান এবং ডপস সংস্থার প্রকল্প সমন্বয়কারী সুবল মুখার্জি।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের প্রান্তিক কৃষক ও জেলেরা চরম সংকটের মুখে পড়েছেন। অথচ জলবায়ু সংকট তৈরিতে তাদের কোনো ভূমিকা না থাকলেও এর খেসারত সবচেয়ে বেশি তাদেরই সহ্য করতে হচ্ছে।
নারীনেত্রী লিপিকা ইয়াসমিন তার বক্তব্যে স্থানীয় সমস্যা সমাধান ও কৃষিভিত্তিক কলকারখানা স্থাপনের ওপর জোর দিয়ে অবিলম্বে রংপুরকে ‘কৃষি অঞ্চল’ হিসেবে ঘোষণা করার দাবি জানান।
আয়োজকরা জানান, কপ-৩১ সম্মেলনের প্রথম সপ্তাহের অগ্রগতি কৃষকদের জন্য অত্যন্ত হতাশাজনক। কার্বন ব্রিফের বিশ্লেষণ উদ্ধৃত করে তারা তুলে ধরেন যে, উন্নত দেশগুলোর নতুন সরকারি জলবায়ু অর্থের প্রতিশ্রুতি বছরে প্রায় ৪ হাজার কোটি ডলার থেকে কমে ১ হাজার ১৭০ কোটি ডলারে দাঁড়িয়েছে—যা প্রায় ৭১ শতাংশ কম। এছাড়া অভিযোজন অর্থ তিন গুণ করার প্রস্তাব আলোচ্যসূচিতেই ওঠেনি এবং ৯ নভেম্বর ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবসে খাদ্য ও কৃষির জন্য কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা অর্থের ঘোষণা আসেনি।
বিশ্বব্যাপী জলবায়ু তহবিলে উন্নয়নশীল দেশের ক্ষুদ্র কৃষকদের মাত্র ১.৭ শতাংশ পৌঁছায় উল্লেখ করে তারা বলেন, সম্মেলনে বাংলাদেশের জন্য ৩ কোটি ডলার অনুদানের ঘোষণা এলেও, তা দেশের বার্ষিক জলবায়ু-ক্ষতির (১ হাজার ৫২০ কোটি ডলার) মাত্র ০.২ শতাংশ।
ডপস্ এর নির্বাহী পরিচালক উজ্জ্বল কুমার চক্রবর্ত্তী বলেন, জীবাশ্ম জ্বালানি নয়, ঋণও নয়; খাদ্য নিরাপত্তা ও কৃষিপ্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত করতে হবে। দেশের বিভিন্ন প্রান্তের ৩০টি নাগরিক সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে ৪টি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হয়েছে। এর মধ্যে কৃষক কার্ড, শস্যবীমা ও সামাজিক সুরক্ষায় বর্গাচাষি, নারী কৃষক, ভূমিহীন কৃষিশ্রমিক ও জেলেদের অন্তর্ভুক্ত করা অন্যতম প্রস্তাবনা।
এ সময় কপ-৩১ অংশগ্রহণকারী বিশ্বনেতৃত্বের কাছে ৬ দফা দাবি তুলে ধরা হয়।দাবিগুলোর মধ্যে রয়েছে- ১. ঋণ নয়, অনুদান: উন্নত দেশগুলোকে বহুবর্ষী ও অনুদানভিত্তিক নতুন জলবায়ু অর্থের প্রতিশ্রুতি দিতে হবে এবং স্বল্পোন্নত দেশের অভিযোজন অর্থ পুরোপুরি অনুদান হতে হবে। ২. খাদ্য ও কৃষির স্থায়ী কর্মসূচি: অন্তত পাঁচ বছরের অর্থায়নসহ কর্মসূচি নিতে হবে, যেখানে কৃষক ও জেলে সংগঠনের আনুষ্ঠানিক অংশগ্রহণ থাকবে।
৩. নবায়নযোগ্য উৎসভিত্তিক বিদ্যুতায়ন: ‘৩৫ বাই ৩৫’ বিদ্যুতায়ন লক্ষ্যকে অন্তত ৭৫ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্যের সঙ্গে যুক্ত করতে হবে। ৪. অধিকারভিত্তিক ন্যায্য রূপান্তর: কৃষক, নারী কৃষক, বর্গাচাষি, কৃষিশ্রমিক, জেলে ও আদিবাসীদের অধিকার নিশ্চিত করতে হবে।
৫. ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুত অর্থ দ্রুত জমা দিতে হবে এবং ক্ষতিগ্রস্ত কৃষক ও জেলের কাছে সরাসরি সহায়তা পৌঁছাতে হবে। ৬. ঋণ বাতিল ও কৃষিপ্রতিবেশ: জলবায়ু-দুর্যোগে বিপর্যস্ত দেশের অন্যায্য বিদেশি ঋণ বাতিল করতে হবে; কার্বন বাজার নয়, কৃষিপ্রতিবেশকে জলবায়ু সমাধান হিসেবে স্বীকৃতি দিতে হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন