রংপুরের পীরগঞ্জে মহামান্য হাইকোর্টের স্থগিতাদেশ ও ওয়াকফ প্রশাসনের নির্দেশ অমান্য করে ওয়াকফ স্টেটের জমির ধান কেটেছে এক মাদরাসার অধ্যক্ষ। উপজেলার খালাশপীরের দারুল হুদা ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে ওই ধান কাটার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার (১৫ নভেম্বর) আহাম্মদ হোসেন প্রধান গং ওয়াকফ এস্টেটের মোতোওয়াল্লী আনিছুর রহমান থানায় এজাহার দিয়েছেন।
এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার খালাশপীর দারুল-হুদা ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি এবং আহাম্মদ হোসেন প্রধান গং ওয়াকফ এস্টেটের মোতোওয়াল্লী আনিছুর রহমান। তিনি দীর্ঘদিন ধরে ওই ওয়াকফের সম্পত্তি বিধি মোতাবেক চাষাবাদ করে আসছেন। এস্টেটটির অন্তর্ভুক্ত বড় আলমপুর ইউনিয়নের রাজারামপুর মৌজায় ৩ একর ৬৯ শতক জমিতে চলতি মৌসুমে মোতোওয়াল্লীর আমন ধান রোপন করেন। ধানগুলো কাটার উপযুক্ত হয়েছিল।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম ওই মোতোওয়াল্লীকে পদ থেকে অপসারণের জন্য ওয়াকফ প্রশাসনে অভিযোগ করে বিশৃঙ্খলা করে আসছে। এতে মোতোওয়াল্লী মহামান্য হাইকোর্টে ১০৭২/১৯ নং সিভিল রিভিশন মামলা করলে হাইকোর্ট স্ট্যাটাসকো (অবস্থা বজায় রাখা) নির্দেশ দেন।
ওই নির্দেশ অমান্য করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামের নেতৃত্বে ৩০/৩৫ জন সশস্ত্র হয়ে গত ১৪ নভেম্বর সকালে রাজারামপুর মৌজার স্টেটের জমির ধান কেটে নেয়। এ সময় হামলাকারীরা প্রায় ৩টি মাহিন্দ্রযোগে প্রায় ১৭০ মণ ধান কাটে। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা।
এ ঘটনায় মোতোওয়াল্লী আনিছুর রহমান বাদী হয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামের (৫৫) নেতৃত্বে নুরুল আমিন (৩০), খাজানুর আলম (৪৩), মিল্টন মিয়া (৪০), রঞ্জু মিয়া (৩৫), মমরুেল হোসেন (৪০), জাহিদুল ইসলাম (৪০), মাজন মিয়া (৫০), জলিল মিয়া (৬০), লাল বিহারী (১৫), মাহমুদুল হাসান (৪০)-সহ ২০/২৫ জনকে আসামি করে এজাহার দেন।
বাদী আনিছুর রহমান বলেন, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ অবৈধ। এস্টেটের উপর হাইকোর্টের স্ট্যাটাসকো (অবস্থা বজায় রাখা) থাকলেও অধ্যক্ষ তা না মেনে সন্ত্রাসী দল নিয়ে দান কেটে নিয়ে যায়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন