নরওয়ের নাট্যকার হেনরিক ইবসেনের বিশ্বখ্যাত নাটক ‘পিয়ের গিন্ট’ অবলম্বনে নির্মিত হয়েছে মঞ্চনাটক ‘পিয়ারু গাজির গল্পের দেশ’। মানুষের আত্মপরিচয়, উচ্চাকাঙ্ক্ষা, স্মৃতি ও আত্মপ্রবঞ্চনার গল্প নিয়ে সাজানো হয়েছে নাটকটি। ২৫-৩০ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে প্রযোজনাটি। নাটকটি রচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও নাট্যকার শাহমান মৈশান। নির্দেশনায় রয়েছেন নাট্যনির্দেশক অধ্যাপক ড. আহমেদুল কবির।
নাটকের কেন্দ্রীয় চরিত্র পিয়ারু গাজি। উত্তাল সমুদ্রের বুকে জাহাজের ডেকে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ পিয়ারুর মনে দেশে ফেরার তাড়া। জীবনের শেষ প্রান্তে এসে বাড়ি ফেরার এ যাত্রায় তাকে পাড়ি দিতে হয় ফেলে আসা স্মৃতি, অনুশোচনা ও আত্মপরিচয়ের নানা জটিল পথ। জীবনের বিভিন্ন পর্যায়ে কখনো প্রেমিক, কখনো উচ্চাকাঙ্ক্ষী, আবার কখনো ক্ষমতা ও সম্পদের মোহে আচ্ছন্ন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন তিনি। একের পর এক পরিচয় নির্মাণ করতে গিয়ে ক্রমেই দূরে সরে গেছেন নিজের প্রকৃত সত্তা থেকে। শেষ বয়সে এসে সেই হারিয়ে যাওয়া মানুষটিকেই খুঁজতে হয় তাকে।
হেনরিক ইবসেনের মূল নাটকের উত্তর ইউরোপীয় প্রেক্ষাপটকে এ প্রযোজনায় নতুনভাবে রূপায়ণ করা হয়েছে। বাংলার মানুষ, ভাষা, সংস্কৃতি, লোকজ অনুষঙ্গ ও জীবন অভিজ্ঞতার আলোকে সাজানো হয়েছে নাটকের আখ্যান। মূল নাটকের ভাবনা ও দর্শন অক্ষুণ্ন রেখে এতে যুক্ত করা হয়েছে স্থানীয় সমাজ ও সংস্কৃতির নানা উপাদান। স্মৃতি, কল্পনা ও বাস্তবতার মেলবন্ধনে নির্মিত নাটকটিতে একজন মানুষের জীবনের নানা বাঁক এবং নিজের তৈরি পরিচয়ের সঙ্গে প্রকৃত সত্তার দ্বন্দ্ব উঠে এসেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্স প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াসে নির্মিত হয়েছে নাটকটি। শিক্ষার্থীদের অভিনয় ও সৃজনশীল অংশগ্রহণে মঞ্চে আসছে এ প্রযোজনা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন