২০১৮ সালের বোরো মৌসুম। দেশে প্রথমবারের মতো বেগুনী রঙের ধানের চাষ করে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জের কৃষাণী দুলালী বেগম। দেশের খাদ্য নিরাপত্তায় তাঁর এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভার রেজুলেশনে ধানটির নামকরণে তাঁর নামের সঙ্গে যুক্ত করা হয় ‘সুন্দর’। সেই থেকে দেশব্যাপী এটি ‘দুলালী সুন্দরী ধান’ নামে পরিচিতি লাভ করে এবং বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে এর চাষ হচ্ছে। অথচ, দেশে প্রথম বেগুনী ধানের চাষি হিসেবে কৃষি বিভাগ কিংবা কোনো দাপ্তরিক পর্যায় থেকে আজও কোনো সম্মাননা বা স্বীকৃতির সনদ পাননি দুলালী—যা তাঁর মনে গভীর আক্ষেপের জন্ম দিয়েছে।
উপজেলার রামজীবন ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত সুরুজ্জামানের স্ত্রী দুলালী বেগম।
নিজের প্রাপ্য স্বীকৃতি নিয়ে দুলালী বেগম বলেন, ‘আমাকে কোনো সম্মাননা সনদ বা স্বীকৃতির দলিল দেওয়া না হলে ভবিষ্যতে মানুষ কীভাবে জানবে যে আমিই প্রথম বেগুনী ধান চাষ করেছিলাম? আমার নামানুসারেই তো ধানটির নাম “দুলালী সুন্দরী” রাখা হয়েছিল। ভবিষ্যতে অন্য কেউ যদি নিজেকে এই ধানের প্রথম চাষি বলে দাবি করেন, তখন প্রকৃত ইতিহাসের প্রমাণ থাকবে কীভাবে? তাই কর্তৃপক্ষের কাছে নিজের অর্জনের প্রমাণস্বরূপ একটি স্বীকৃতিপত্র চাই আমি।’
কৃষাণী দুলালী বেগম জানান, ২০১৭ সালের বোরো মৌসুমে বীজতলায় ব্রি ধান-২৮ এর বীজ বপন করেছিলেন তিনি। পরে কয়েকটি চারা ভিন্নধর্মী বেগুনী রঙ ধারণ করায় সেগুলোকে আলাদা করে জমিতে রোপণ করেন। ওই চারা থেকে ছয় কেজি ধান উৎপাদিত হয়। ধানগুলো না খেয়ে তিনি পুরোটাই বীজ হিসেবে সংরক্ষণ করেন। পরবর্তীতে ২০১৮ সালের ৩১ জানুয়ারি সেই বীজ থেকে উৎপাদিত চারা ১৮ শতক জমিতে রোপণ করেন।
চারা বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাছের কাণ্ড ও পাতা সবুজের বদলে পুরোপুরি বেগুনী রঙ ধারণ করে। চারপাশের সবুজ খেতের মাঝে একখণ্ড জমির এই ব্যতিক্রমী সৌন্দর্য দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। খবর ছড়িয়ে পড়লে কৃষি বিভাগও সহযোগিতা নিয়ে এগিয়ে আসে। নিয়মিত পর্যবেক্ষণ করা হয় ধানের বিভিন্ন বৃদ্ধির স্তর, এমনকি খেতের নিরাপত্তায় নিযুক্ত করা হয় গ্রাম্য চৌকিদারও।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ওই ১৮ শতক জমিতে ১৩ মণের বেশি ধান উৎপাদিত হয়েছিল। সে হিসেবে বিঘাপ্রতি ফলন দাঁড়ায় ২৫ মণ এবং হেক্টরপ্রতি ৭.৫ মেট্রিক টন। ধানগাছের গড় উচ্চতা ছিল ৯৩ সেন্টিমিটার এবং শীষের লম্বায় ২৪ সেন্টিমিটার। প্রতিটি শীষে গড়ে ২৩০টি ধান পাওয়া যায়, যার মধ্যে পুষ্ট ছিল ২০২টি এবং অপুষ্ট ২৮টি।
সাধারণত উফশী জাতের ব্রি ধান-২৮ ও ব্রি ধান-২৯ এর হেক্টরপ্রতি গড় ফলন প্রায় ৫.৫ ও ৭ মেট্রিক টন হলেও ‘দুলালী সুন্দরী’র ফলন পাওয়া যায় ৭.৫ মেট্রিক টন।
দুলালী বেগম আরও বলেন, ‘প্রথমবার উৎপাদিত ধানের অতি সামান্য অংশ খাওয়ার জন্য রেখে বাকিটা বীজ হিসেবে সংরক্ষণ করি। এ ধানের ভাত আগের আউশ ধানের চালের মতো বেশ সুস্বাদু এবং চালও সরু। শুরুতে প্রতি কেজি বীজের দাম দুই হাজার টাকা করে বিক্রি হলেও বর্তমানে তা এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। ব্রি-২৮ ও ২৯-এর তুলনায় ফলন ভালো হওয়ায় আমি প্রতিবছরই এ ধান চাষ করছি। এবার বোরো মৌসুমেও এই ধানের চাষ করব।’
এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আগামী বোরো মৌসুমে দুলালী সুন্দরী ধান চাষ করা হলে তাঁর খেত পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। এছাড়া স্থানীয় জাত হিসেবে এর স্থায়ী স্বীকৃতির জন্য প্রয়োজনে আবারও নমুনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে।’
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন