আজকের সুজলা সুফলা শস্য শ্যামলা পাখিডাকা ছাঁয়াঘেরা মায়াময় এই রংপুর শহরটি প্রতিষ্ঠা পায় ১৬ ডিসেম্বর ১৭৬৯খ্রিঃ জেলা সদর হিসেবে। একদা আজকের এই শহরটি ছিলো দেবী চৌধুরানীর জমিদারীর স্টেট অধিক্ষেত্রভূক্ত। ১৬ ডিসেম্বর রংপুরের প্রশাসনিক কার্যক্রম শুরু হয় ২৫৬ বছর আগে। এর ১০০ বছর পরে ০১ জানুয়ারী ১৮৬৯খ্রিঃ জলপাইগুড়িকে রংপুর থেকে আলাদা করে পৃথক জেলায় রুপান্তর করা হয়েছিলো। অর্থাৎ ততদিন পর্যন্ত জলপাইগুড়ি ছিলো রংপুর জেলার অংশ, মহকুমা শহর।
সত্তুর-একাত্তরে আমাদের প্রিয় রংপুর শহরটি আজ কেবলি স্মৃতি। তিন-চার কিলোমিটার লম্বা চিকন একটিমাত্র প্রধান সড়কের দুই পাশে গড়ে উঠা সামনে দোকান পিছনে টিনসেড বাসা বা নিচে ব্যবসা উপরে বসবাস এবং হাতেগোনা কয়েকটি দোতলা বিল্ডিং দেখে মনে হতো ডানা মেলে দেয়া একটি চিল যেমন। এ শহরটিও ছিলো রেলষ্টেশন মুখি, ষ্টেশনের চারপাশেই গড়ে উঠেছিলো পাইকারি ব্যবসা কেন্দ্র যার গোটাটাই নিয়ন্ত্রন করতো উর্দ্দুভাষি বিহারি নামে পরিচিত অবাঙালিরা। বাঙালিরা ছিলো কৃষক আর ছোট চাকুরে। ছাত্ররা স্বাভাবিকভাবেই হয়ে উঠেছিলো বৃহত্তর জনগোষ্ঠীর বোদ্ধা আগুয়ান অংশ। আজ সেই রংপুরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ক্যাডেট কলেজ, সরকারি বেসরকারি মেডিকেল কলেজ, কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়, নীলফামারীতে ইপিজেড, রংপুরকে বিভাগে উন্নিতকরন, মেট্রোপলিটন সিটি, সিটি কর্পোরেশন, জেলা পুলিশ লাইন, জেলা ও বিভাগীয় প্রশাসকদের অফিস, জেলা জজ আদালত এবং তিস্তা নদীর উপর তিনটি সেতু ছাড়াও হাইরোড, রাস্তা প্রসস্থকরণসহ উল্লেখযোগ্য অনেকগুলো স্থাপনা নিয়ে গড়ে উঠেছে নগর। রংপুর শহরে বাংলাদেশ ব্যাংক, বেতার কেন্দ্র এবং শহর থেকে ঢাকার পথে বের হতেই দেখবেন মনোরম মিঠাপুকুর উড়াল সেতু।
রংপুর এখন বিভাগীয় শহর এবং নগর। এবারে ১৩ নভেম্বর, ২০২৬খ্রি. সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ফিরে দেখা রংপুর কারমাইকেল চত্তরে ও অন্নদামোহন হলরুমে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সারাদিন ব্যাপি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে প্রকাশিত হয়েছে একটি গবেষণাধর্মী জার্নাল নগর ভাবনা, রংপুর। লেখকরা রংপুর নগর নিয়ে কি ভাবছেন, এই হিমালয়ের পাদদেশে গড়ে উঠা উত্তরবঙ্গের এই প্রাচিণ জনপদ নিয়ে নানামুখিন গবেষণা মূলক প্রবন্ধ লিখেছেন দেশ বিদেশের বাছাই করা লেখকরা। তথ্যবহুল অতিত থেকে আগামীতে বিচরন করেছেন নগর পরিকল্পনাবিদরা। বৃহৎ কলেবরে প্রকাশিত বইটির মোড়ক উন্মোচিত হয়েছে কারমাইকেলের অন্নদামোহন হল রুমে ১৩ নভেম্বর, ২০২৬খি.। যে কেউ অনলাইনে বা ফিরে দেখার অফিসে এসে বইটি সংগ্রহ করতে পারেন, চাইলে পড়েও দেখতে পারেন।
-রেজাউল করিম মুকুল, ১৫ নভেম্বর, ২০২৬খ্রি.
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন