হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের জিতেন্দ্র চন্দ্র দাস ও হরিমতি দাসের কনিষ্ঠ পুত্র ছিলেন তিনি। বিংশ শতাব্দীর এই অভিমন্যু বাংলার কুরুক্ষেত্রের চক্রব্যূহে প্রাণ উৎসর্গ করেছিলেন মাতৃভূমির জন্য।
যাঁর কথা বলতে এসেছি, তিনি বাংলার ঘোষিত অথচ অস্বীকৃত প্রথম বীরশ্রেষ্ঠ, জগৎজ্যোতি দাস।
১৯৭১ সালে তিনি ছিলেন এইচএসসির শেষ বর্ষের শিক্ষার্থী। ১৯৬৯ সালের আইয়ুববিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। পরে বিশেষ দায়িত্ব পালনের জন্য ভারতের গৌহাটির নওপং কলেজে ভর্তি হন। সেখানে বিভিন্ন ভাষা শেখার পাশাপাশি অস্ত্র ও বিস্ফোরক ব্যবহারের কৌশলও আয়ত্ত করেন। ভাটি বাংলাকে মুক্ত করার শপথ নিয়ে তিনি গড়ে তোলেন দাস পার্টি এবং হন তার সাহসী কমান্ডার।
পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদরদের কাছে জগৎজ্যোতি ছিলেন এক মূর্তিমান আতঙ্ক। মুক্তিযুদ্ধের সময় টেকেরঘাট সাব-সেক্টরের অধীনে বিস্তীর্ণ ভাটি অঞ্চল শত্রুমুক্ত রাখার দায়িত্ব ছিল তাঁর কাঁধে। দিরাই, শাল্লা, ছাতক, আজমিরীগঞ্জ, বানিয়াচং, জামালগঞ্জ, তাহিরপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোনার নৌপথ রক্ষায় তিনি ও তাঁর দাস পার্টি প্রাণপণ যুদ্ধ চালিয়ে যান।
দাস পার্টির সাফল্যে এতটাই ভীত হয়ে পড়েছিল পাকিস্তানি বাহিনী যে পাকিস্তান সরকার রেডিওতে ঘোষণা দিতে বাধ্য হয়, এই রুটে চলাচলকারীদের জানমালের দায়িত্ব সরকার নেবে না।
মাত্র ১৩ জন সহযোদ্ধাকে সঙ্গে নিয়ে তিনি বানিয়াচংয়ে পাকিস্তানি বাহিনীর প্রায় ২৫০ জন সৈন্য ও তাদের দোসরদের অগ্রযাত্রা রুখে দেন। সেই যুদ্ধে শত্রুপক্ষের অন্তত ৩৫ জন নিহত হয়। পাকিস্তানি গানবোট ধ্বংস করা হয়। ২৯ জুলাই জামালগঞ্জ থানা ও সাচনাবাজার নৌবন্দর শত্রুমুক্ত করে তিনি সারা দেশে আলোচনায় উঠে আসেন।
তাঁর নেতৃত্বেই সিলেট-সুনামগঞ্জ সড়কের বদলপুর ব্রিজ ধ্বংস করা হয়। তাঁর অসাধারণ কৃতিত্বের প্রশংসা করেন ভারতীয় কমান্ড বাহিনীর মেজর জি. এস. ভাট। ১৭ আগস্ট পাহাড়পুরে তাঁর বীরত্ব ও রণকৌশলে অসংখ্য নিরীহ মানুষের প্রাণ রক্ষা পায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয় তাঁর বীরত্বগাঁথা।
তিনি একাই এলএমজি হাতে জামালপুর থানা দখল করেন, যেখানে ঘাঁটি গেড়েছিল স্থানীয় রাজাকাররা। জামালপুর মুক্ত করার যুদ্ধে তিনি হারান তাঁর সহযোদ্ধা বীর সিরাজুল ইসলামকে। এরপর মাত্র ১০-১২ জন সহযোদ্ধাকে নিয়ে শ্রীপুর মুক্ত করেন এবং খালিয়াজুড়িতে শত্রুদের বার্জ ধ্বংস করেন।
আগস্ট মাসে কোনো গুলি ব্যয় না করেই কৌশলে দিরাই-শাল্লায় দশ সদস্যের এক রাজাকার দলকে আটক করেন, যারা এলাকায় হত্যা, ধর্ষণ, লুটপাট ও নির্যাতন চালাচ্ছিল। রানীগঞ্জ ও কাদিরীগঞ্জেও অভিযান চালিয়ে বহু রাজাকারকে গ্রেপ্তার করেন।
১৬ নভেম্বর ১৯৭১।
এই দিনটিই ছিল বীরের ললাটে লেখা শেষ দিন।
ভোরে ৪২ জন সহযোদ্ধাকে নিয়ে আরেকটি অভিযানে বের হন জগৎজ্যোতি। লক্ষ্য ছিল বানিয়াচং-বাহুবল এলাকা। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই বদলপুরে শত্রুদের সুপরিকল্পিত ফাঁদে পড়েন।
কয়েকজন রাজাকার ব্যবসায়ীদের নৌকা আটকে চাঁদাবাজি করছিল। জগৎজ্যোতি তাঁদের গ্রেপ্তারের নির্দেশ দেন। মুক্তিযোদ্ধাদের দেখে রাজাকাররা পালাতে শুরু করলে তিনি অল্প কয়েকজন সহযোদ্ধাকে নিয়ে তাদের ধাওয়া করেন। কিন্তু বুঝতে পারেননি, সামনে অপেক্ষা করছে পাকিস্তানি সেনাদের বিশাল বাহিনী ও ভারী অস্ত্রশস্ত্র।
অজান্তেই তিনি প্রবেশ করেছিলেন এক চক্রব্যূহে।
তবুও যুদ্ধ থামাননি। শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছেন।
সহযোদ্ধাদের জীবন বাঁচাতে তিনি সবাইকে সরে যাওয়ার নির্দেশ দেন। নিজে এবং সহযোদ্ধা ইলিয়াস শত্রুর মুখোমুখি থেকে অন্যদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দেন। কিন্তু কিছুক্ষণ পর ইলিয়াসও গুলিবিদ্ধ হন। নিজের মাথার গামছা খুলে তাঁর ক্ষত বেঁধে দেন জগৎজ্যোতি।
ইলিয়াস তাঁকে সরে যেতে বলেছিলেন। কিন্তু জগৎজ্যোতি পিছু হটেননি।
একাই যুদ্ধ চালিয়ে পাকিস্তানি বাহিনীর অন্তত বারোজন সৈন্যকে পরাজিত করেন। বিকেল পৌনে পাঁচটার দিকে গোলাবারুদ শেষ হয়ে আসে। সূর্য যেমন ধীরে ধীরে অস্ত যায়, তেমনি নিভে আসে এক অদম্য যোদ্ধার জীবনপ্রদীপ। গুলিবিদ্ধ হয়ে শহীদ হন জগৎজ্যোতি দাস।
জনশ্রুতি আছে, গুলিবিদ্ধ হওয়ার পরও তিনি তখন জীবিত ছিলেন। তাঁকে আটক করে অমানুষিক নির্যাতন করা হয়। তাঁর শরীরে পেরেক বিদ্ধ করে সেই বিভৎস ছবি সংবাদপত্রে প্রকাশ করা হয়।
এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় আজমিরীগঞ্জ বাজারে।
সেদিন ছিল ঈদের বাজার। শত শত মানুষের সামনে খুঁটির সঙ্গে বেঁধে তাঁর মরদেহ ক্ষত-বিক্ষত করা হয়। রাজাকাররা তাঁর মরদেহের ওপর থুথু নিক্ষেপ করে। এমনকি তাঁর মা-বাবাকেও জোর করে ডেকে এনে সেই বিভৎস দৃশ্য দেখানো হয়। পরিবার যখন শোকে মুহ্যমান, তখন আগুন ধরিয়ে দেওয়া হয় তাঁদের বাড়িতে। পরে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ কুশিয়ারা নদীতে ভাসিয়ে দেওয়া হয়।
মুক্তিযুদ্ধ চলাকালীন একাধিকবার জগৎজ্যোতি দাসকে বীরশ্রেষ্ঠ হিসেবে ঘোষণার কথা প্রচারিত হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, অল ইন্ডিয়া রেডিওসহ বিভিন্ন গণমাধ্যমে তাঁর বীরত্বগাঁথা সম্প্রচারিত হয়। অস্থায়ী বাংলাদেশ সরকার তাঁকে সর্বোচ্চ মরণোত্তর রাষ্ট্রীয় সম্মান দেওয়ার ঘোষণাও দিয়েছিল।
কিন্তু স্বাধীনতার পরে প্রতিশ্রুতি থেকে ফিরে আসে সরকার!
১৯৭২ সালে তাঁকে বীরবিক্রম খেতাবে ভূষিত করা হয়। অথচ সেই পদকও তাঁর পরিবারের হাতে পৌঁছাতে লেগে যায় প্রায় দুই যুগ।
একটি স্বাধীন দেশের জন্য জগৎজ্যোতি দাস বিলিয়ে দিয়েছিলেন নিজের জীবন। কিন্তু দেশ তাঁকে তাঁর প্রাপ্য স্বীকৃতি দিতে পারেনি। অথচ তিনি বা তাঁর সহযোদ্ধারা কখনো কোনো প্রাপ্তির আশায় যুদ্ধ করেননি। তাঁদের একমাত্র স্বপ্ন ছিল একটি স্বাধীন বাংলাদেশ।
আজ এই মহান বীরের প্রয়াণ দিবস—যিনি দেশকে ভালোবেসে নিজেকে উৎসর্গ করেছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন