দেশের চিনিশিল্পকে টেকসই ও লাভজনক করতে আখের আবাদ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. শামছুজ্জামান (সুরুজ)।
তিনি বলেছেন, দেশের চিনির চাহিদা পূরণ এবং চিনিশিল্পকে বাঁচিয়ে রাখতে আখের উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে প্রান্তিক আখচাষীদের প্রয়োজনীয় সহায়তা ও প্রণোদনা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সুগার মিলের আওতাধীন বিভিন্ন এলাকার আখের প্লট সরেজমিনে পরিদর্শন ও কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএসএফআইসি চেয়ারম্যান।
পরিদর্শনকালে তিনি প্রান্তিক আখচাষীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের চাষাবাদের বর্তমান অবস্থা, উৎপাদন, সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। কৃষকদের অভিজ্ঞতা ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং আখ চাষে আগ্রহ বাড়াতে করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
বিএসএফআইসি চেয়ারম্যান বলেন, চিনিশিল্পকে লাভজনক করতে আখের উৎপাদন বৃদ্ধি অত্যন্ত জরুরি। প্রান্তিক কৃষকরা যাতে আখ চাষে আরও বেশি উৎসাহিত হন, সে জন্য প্রয়োজনীয় সহায়তা ও প্রণোদনা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আখের ফলন বাড়াতে আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ এবং উন্নত জাতের আখ রোপণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় বিএসএফসির যুগ্ম সচিব ও পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ড. আব্দুল আলীম খান, যুগ্ম সচিব ও পরিচালক (অর্থ) তাহমিনা আক্তার, সচিব মোহাম্মদ মুজিবুর রহমান, ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর, জিএম (কৃষি) আবু রায়হানসহ করপোরেশন ও মিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় আখচাষীরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যানের সরাসরি মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সহায়তার আশ্বাসে স্থানীয় আখচাষীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এর আগে ঠাকুরগাঁও সুগার মিলের ট্রেনিং কমপ্লেক্স ভবনে বিএসএফসির বিভিন্ন মিলের হিসাব বিভাগের কর্মকর্তাদের চাকরিকালীন ইনহাউস প্রশিক্ষণের উদ্বোধন করেন চেয়ারম্যান মো. শামছুজ্জামান (সুরুজ)।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন