সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। সীমান্তে আমাদের নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বিজিবি সদর দপ্তরের নির্দেশে বৃদ্ধি করা হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় আমরা সীমান্তে নজরদারি আরও কঠোর করেছি। ঝুঁকিপূর্ণ এবং স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সেখানে দিন-রাত বিশেষ টহল কার্যক্রম চলছে এবং গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত আছে। রাতে নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সার্চলাইট বসানোর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর পাশাপাশি আমরা থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছি। এতে দুর্গম আর অন্ধকার এলাকাতেও কোনো সন্দেহজনক গতিবিধি দেখা দিলে আমরা দ্রুত তা শনাক্ত করতে সক্ষম হব এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারবো।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষায় সাংবাদিকসহ স্থানীয় মানুষের সহযোগিতা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকায় সবার প্রতি আমার অনুরোধ, নিষিদ্ধ, বিতর্কিত কিংবা অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে, কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে কিংবা সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাবেন। আপনাদের সচেতনতা আর সহযোগিতাই সীমান্তকে আরও নিরাপদ রাখবে।
তিনি আরও বলেন, কোনো বিতর্কিত পলাতক বা ফেরারী আসামী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হবে। বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে ঢুকতে বা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা আর মানুষের জানমাল রক্ষায় আমরা পেশাদারীত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছি। সীমান্তে যেকোনো অবৈধ তৎপরতা ঠেকাতে আমাদের নজরদারি ও অভিযান চলমান থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন