জেলা সদর ও নকলা উপজেলার ৩০০ বিঘা জমিতে লেবু চাষ করেছেন আজিজুল হক। এ বাগানে প্রায় ১৫০ জন নারী-পুরুষের কর্মসংস্থান হয়েছে। প্রতি সপ্তাহে এই বাগান থেকে ১৫০ মণ লেবু সংগ্রহ করা হয়। যার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
শেরপুর সদরের বলাইরচর, চরমোচারিয়া ও নকলা উপজেলার নারায়নখোলা ইউনিয়নের এই জমিতে প্রচলিত ফসলের চাষ হতো। সেই জমিতেই এখন বিস্তীর্ণ লেবুর বাগান। যেদিকে চোখ যায়, সারি সারি লেবু গাছ। গাছের ডালে ঝুলছে থোকায় থোকায় সবুজ লেবু। বাগান জুড়ে ব্যস্ত সময় পার করছেন নারী ও পুরুষ শ্রমিকরা। কেউ গাছ থেকে লেবু তুলছেন, কেউবা বাছাই ও বাজারজাতের প্রস্তুতিতে ব্যস্ত। লেবু চাষ করে সফলতার এই দৃষ্টান্ত স্থাপন করেছেন শেরপুর সদরের কৃষি উদ্যোক্তা আজিজুল হক।
জানা যায়, শেরপুর সদরের বলাইরচর ইউনিয়নের রামের চর গ্রামের কৃষি উদ্যোক্তা মো. আজিজুল হক। ২০১৪ সালে সদরের লছমনপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে ১৫ বিঘা জমিতে ১২ লাখ টাকা খরচ করে ৩ হাজার লেবুর চারা রোপণ করেন। দুই বছর পর কাঙ্ক্ষিত লাভ হওয়ায় ৫০ বিঘা জমিতে লেবু চাষ করেন।
কৃষি বিভাগ জানায়, পরিকল্পিতভাবে লেবু চাষ করে সফলতা পাওয়ায় ১২ বছরে আজিজুল হকের মোট জমির পরিমাণ দাঁড়িয়েছে ৩০০ বিঘা। এসব জমিতে তিনি ৫০ হাজার লেবুর চারা রোপণ করেছেন। শেরপুর সদরের দুটি ও নকলা উপজেলার একটি ইউনিয়নের এসব বাগান থেকে তিনি প্রতি সপ্তাহে আয় করছেন ১০ লাখ টাকা।
লেবু তোলা, বাছাই ও পরিচর্যার কাজে বাগানগুলোতে নিয়োজিত আছেন প্রায় ১৫০ জন নারী ও পুরুষ শ্রমিক। তাদের অনেকের কাছেই এই বাগান হয়ে উঠেছে জীবিকার অন্যতম অবলম্বন। স্থানীয়ভাবে কাজের সুযোগ তৈরি হওয়ায় উপকৃত হচ্ছেন এসব শ্রমিক ও তাদের পরিবার। তারা প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৫০০ টাকা মজুরি পান।
লেবু বাগানের কৃষি শ্রমিক রেহানা বেগম বাসস’কে বলেন, একসময় কাজ ছাড়া বাড়িতে অলস বসে থাকতে হতো। সব সময় কাজ পাওয়া যেত না। এখন লেবুর বাগানে নিয়মিত কাজ করার সুযোগ হয়েছে। গাছের গোড়ার আগাছা পরিষ্কার, লেবু সংগ্রহসহ বিভিন্ন কাজ করি। কাজ করলে দৈনিক ভিত্তিতে মজুরি পাই। এতে সংসারের খরচ চালাতে স্বামীকে সহযোগিতা করতে পারছি। ছেলেমেয়েদের পড়াশোনা ও পরিবারের প্রয়োজনীয় খরচ মেটাতেও এই আয় অনেক কাজে লাগছে।
কৃষি শ্রমিক হাসমত আলী বলেন, লেবুর বাগান হওয়ার কারণে আমাদের এলাকায় অনেকের কাজের সুযোগ হয়েছে। আগে কৃষিকাজ মৌসুমভিত্তিক ছিল। কোনো সময় কাজ থাকত, আবার কোনো সময় বাড়িতে বেকার বসে থাকতে হতো। কিন্তু লেবুর বাগানে সারা বছরই কমবেশি কাজ থাকে। গাছের পরিচর্যা, ডালপালা ছাঁটাই, সার ও কীটনাশক প্রয়োগ, সেচ দেওয়া এবং লেবু সংগ্রহের মতো কাজে শ্রমিক প্রয়োজন হয়। এতে আমরা নিয়মিত আয় করতে পারছি। পরিবারের ভরণপোষণের পাশাপাশি ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ চালানো সহজ হচ্ছে।
শেরপুর সদর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মালেক আকন্দ বাসস’কে বলেন, লেবু একটি সম্ভাবনাময় অর্থকরী ফসল। এ ফসলের চাহিদা বাজারে প্রায় সারা বছরই থাকে। ফলে পরিকল্পিতভাবে লেবু চাষ করতে পারলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন। তবে লেবু চাষে ভালো ফলন পেতে হলে উন্নত ও মানসম্মত চারা নির্বাচন, সঠিক দূরত্ব বজায় রেখে চারা রোপণ, পরিমাণমতো সার প্রয়োগ, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং নিয়মিত গাছের পরিচর্যা করতে হবে। একইসাথে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ দেখা দিলে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, কৃষকদের আমরা এসব বিষয়ে মাঠ পর্যায়ে সরাসরি পরামর্শ ও প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দিয়ে থাকি। লেবু চাষ সম্প্রসারণ করা গেলে কৃষকের আয় বাড়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কৃষি শ্রমিকদের কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।
শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু বাসস'কে বলেন, কৃষিতে প্রচলিত ফসলের পাশাপাশি উচ্চমূল্যের ফল ও অর্থকরী ফসল চাষের প্রতি কৃষকদের আগ্রহ বাড়ছে। লেবু চাষ তেমনই একটি সম্ভাবনাময় উদ্যোগ। শেরপুরে প্রায় ৩০০ বিঘা জমিতে লেবুর বাগান গড়ে ওঠার বিষয়টি কৃষি অর্থনীতির জন্য ইতিবাচক। এতে একদিকে যেমন কৃষকরা স্বাবলম্বী হচ্ছেন, অন্যদিকে এসব বাগানে নারী ও পুরুষ শ্রমিকদের কাজের সুযোগ তৈরি হচ্ছে। যা গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন