দিনাজপুরের ফুলবাড়ীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির অভিযোগে সাতটি ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে পৌর শহরের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দের পাশাপাশি এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ। অভিযানে উপস্থিত ছিলেন দিনাজপুর ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মকছেদুল আমিন, ফুলবাড়ী প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন চিকিৎসক মো. বাদল মিয়া, থানা-পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে লাইফ কেয়ার ফার্মেসিকে ২ হাজার, সাগির ফার্মেসিকে ২ হাজার, খোতেজা ফার্মেসিকে ২ হাজার, ভাই ভাই ফার্মেসিকে ২ হাজার টাকা, নিমাই ফার্মেসিকে ৩ হাজার, কাজি ফার্মেসিকে ২ হাজার এবং জীবন ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে শহরের ডুঙ্গির হোটেলে অভিযান চালিয়ে অপরিস্কার ভাবে খাদ্য সুমুগ্রী রাখার দায়ে হোটেল মালিক উজ্জল মহন্তর ২ হাজার টাকা ও মুদি কোদানদার আশরাফুলের ২ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ বলেন, ফার্মেসিগুলোতে ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রবণতা দেখা গেছে।
এ কারণে জরিমানা আদায়ের পাশাপাশি ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি না করতে সংশ্লিষ্ট ফার্মেসির মালিকদের সতর্ক করা হয়েছে। এ ছাড়া খাবের দোকান ও মুদি দোকানেও অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন