১৯৪৫ সালের শেষভাগ ছিল বিশ্ব ইতিহাসে এক যুগসন্ধিক্ষণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের লেলিহান শিখা নিভে যাওয়ার পর ঔপনিবেশিক শক্তির শৃঙ্খল ভেঙে বিশ্বজুড়ে নতুন স্বাধীনতার সূর্য ওঠার পালা শুরু হয়। এই পটভূমিতে ১৯৪৫ সালের ১৭ নভেম্বর (মতান্তরে ১৬ নভেম্বর) ফরাসি সাম্রাজ্যবাদী সেনাদের সশস্ত্র হামলার মধ্য দিয়ে ভিয়েতনামের দীর্ঘ ও রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের এক নতুন ও অবধারিত অধ্যায় সূচিত হয়।
দীর্ঘ প্রায় আট দশক ধরে ফরাসি ঔপনিবেশিক শাসনের জাঁতাকলে পিষ্ট ছিল ইন্দোচীন অঞ্চল, যার মূল অংশজুড়ে ছিল ভিয়েতনাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা ফরাসিদের হটিয়ে এ অঞ্চল দখল করলেও যুদ্ধশেষে জাপানের পরাজয় ও আত্মসমর্পণের সুযোগ নিয়ে ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর নেতা হো চি মিনের নেতৃত্বে গঠিত হয় স্বাধীন ‘গণতান্ত্রিক প্রজাতন্ত্র ভিয়েতনাম’। কিন্তু সাম্রাজ্যবাদী ফরাসি প্রশাসন তাদের হারানো ঔপনিবেশিক প্রভাব ও ভূখণ্ড পুনরুদ্ধার করতে মরিয়া হয়ে ওঠে। তারা ব্রিটিশ ও মিত্রবাহিনীর সহযোগিতায় দক্ষিণ ভিয়েতনামের সাইগনসহ বিভিন্ন অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি করতে থাকে। ১৯৪৫ সালের ১৬ নভেম্বর ফরাসি বাহিনী ভিয়েতনামের বিভিন্ন কৌশলগত অঞ্চলে প্রকাশ্য ও তীব্র সামরিক আগ্রাসন চালায়। ফরাসিদের এ আকস্মিক ও বর্বরোচিত আক্রমণ প্রমাণ করে যে, তারা আলোচনার মাধ্যমে কোনো শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে চায় না। তারা বলপ্রয়োগ করে ভিয়েতনামের সদ্য অর্জিত স্বাধীনতা কেড়ে নিতে চায়। এ হামলা কোনো বিচ্ছিন্ন সংঘর্ষ ছিল না। এটি ছিল প্রথম ইন্দোচীন যুদ্ধের এক প্রত্যক্ষ পূর্বাভাস। ফরাসিদের এ আগ্রাসনের জবাবে ভিয়েতনামের মুক্তিকামী জনগণ ও জাতীয়তাবাদী সংগঠন ‘ভিয়েত মিন’ (Viet Minh) ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলে। ভিয়েতনামের কিংবদন্তি সামরিক কমান্ডার ভো নগুয়েন গিয়াপের নেতৃত্বে শুরু হয় সুদীর্ঘ গেরিলা যুদ্ধ। ভিয়েতনামের জনগণ বুঝতে পেরেছিল, স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যায় না। স্বাধীনতা পেতে হলে রক্ত দিতে হবে। তাই তারা ঘোষণা করেন, স্বাধীনতা, নয় মৃত্যু। এ হামলার মধ্য দিয়ে যে রক্তক্ষয়ী সংগ্রামের সূচনা হয়, তা প্রায় ৯ বছর ধরে অব্যাহত ছিল। অবশেষে ১৯৫৪ সালের ঐতিহাসিক ডিয়েন বিয়েন ফু যুদ্ধে ফরাসি বাহিনীর শোচনীয় পরাজয় হয়। জেনেভা চুক্তির মাধ্যমে এই প্রথম পর্বের অবসান ঘটে। ১৬ নভেম্বরের সংঘাত ভিয়েতনামী জাতির অদম্য সাহস, দেশপ্রেম এবং যে কোনো মূল্যে মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় প্রতিজ্ঞার এক অবিস্মরণীয় ঘটনা হয়ে আছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন