ঠাকুরগাঁওয়ে ২য় বিভাগ ফুটবল লীগ-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে লীগের সফল সমাপ্তি হয়েছে। ফাইনালে ফ্রিডম ক্রীড়া ও সাহিত্য সংসদ এবং ফ্রেন্ডস ক্লাব, রুহিয়া মুখোমুখি হলেও নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে লীগে অর্জিত অধিক পয়েন্টের ভিত্তিতে ফ্রিডম ক্রীড়া ও সাহিত্য সংসদকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
শনিবার বিকেলে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন, কমিটির প্রকিউরমেন্ট ও ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, বাফুফে সদস্য শরিফুল ইসলাম শরিফ, জেলা ফুটবল লীগ পরিচালনা কমিটির আহ্বায়ক আহমদ উল্লাহ বাবু এবং জেলা যুবদলের ক্রীড়া সম্পাদক ও সাবেক ফুটবলার আরাফাত আলী রণি।
আয়োজকরা জানান, খেলাধুলা ও জ্ঞানচর্চা একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার চেষ্টা করা হবে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ফ্রিডম ক্রীড়া ও সাহিত্য সংসদ ট্রফির পাশাপাশি ৪০ হাজার টাকা এবং রানার্সআপ ফ্রেন্ডস ক্লাব, রুহিয়া ট্রফির সঙ্গে ২০ হাজার টাকা প্রাইজমানি লাভ করে।