ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি আর বর্ণিল উৎসবের আমেজে আজ দিনাজপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সাড়ে তিন শত বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী উৎসব ‘গোষ্ঠ পূজা ও মেলা’। মহারাজার আমল থেকে চলে আসা এই ঐতিহাসিক আয়োজনকে ঘিরে শহরজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শহর ও আশপাশের এলাকার মানুষের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
উৎসবকে সামনে রেখে আনন্দসাগর এবং রাজবাড়ির কালিয়াজিউ মন্দির চত্বরে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। প্রতিবছরের মতো এবারও ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী মেলাকে ঘিরে ভক্ত, দর্শনার্থী ও সাধারণ মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।
দীর্ঘ সাড়ে তিন শতাব্দীর ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে আসা গোষ্ঠ পূজা ও মেলা শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, এটি দিনাজপুরের ঐতিহাসিক সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতিরও একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই উৎসব আজও মানুষের মধ্যে ধরে রেখেছে ঐতিহ্যের বন্ধন।
পুরোনো ঐতিহ্য, ধর্মীয় আবহ আর উৎসবের আনন্দে আজ মুখর হয়ে উঠবে দিনাজপুরের আনন্দসাগর ও রাজবাড়ির কালিয়াজিউ মন্দির প্রাঙ্গণ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন