উত্তরের শস্যভান্ডারখ্যাত দিনাজপুরে চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা কাটিয়ে অনুকূল আবহাওয়া, সময়মতো বৃষ্টিপাত ও কৃষি বিভাগের পরামর্শে জেলার ১৩টি উপজেলায় এবার আমনের ভালো ফলন হয়েছে। বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সোনালি ধানের সমারোহ। কোথাও চলছে ধান কাটা, কোথাও মাড়াই, আবার কোথাও ধান ঘরে তোলার ব্যস্ততা। ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটলেও উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে রয়েছে কিছুটা শঙ্কা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে দিনাজপুরের ১৩টি উপজেলায় ২ লাখ ৬০ হাজার ৮৬৩ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ১ লাখ ৩ হাজার ৪৮৯ হেক্টর জমিতে চাষ হয়েছে সুগন্ধি জাতের জিরাশাইল ধান। অর্থাৎ মোট আবাদের প্রায় ৪০ শতাংশ জমিতে রয়েছে এ জাতের ধান।
গত বছর জিরাশাইল ধান চাষ করে বাজারে ভালো দাম পাওয়ায় এবারও এ জাতের ধান চাষে আগ্রহ দেখিয়েছেন কৃষকেরা। বিশেষ করে ঘোড়াঘাট, বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ফুলবাড়ী, পার্বতীপুরসহ জেলার বিভিন্ন উপজেলায় জিরাশাইল ধানের আবাদ হয়েছে।
জেলার বিভিন্ন এলাকার মাঠে মাঠে এখন পাকা ধানের সোনালি শিষ দুলছে। কৃষকেরা দলবেঁধে ধান কাটছেন। কেউ জমি থেকে ধান বাড়িতে নিচ্ছেন, কেউ মাড়াই করছেন, আবার কেউ নতুন ধান শুকিয়ে বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছেন। ভালো ফলন হওয়ায় উৎপাদন খরচ মিটিয়ে লাভের মুখ দেখার স্বপ্ন বুনছেন তাঁরা।
তবে কৃষকদের এই আনন্দের পাশাপাশি রয়েছে ধানের ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তা। তাঁদের মতে, সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। তাই বাজারে ধানের ভালো দাম না পেলে বাম্পার ফলন করেও কাঙ্ক্ষিত লাভ পাওয়া কঠিন হবে।
কৃষকদের দাবি, সরকারি খাদ্যগুদামে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করতে হবে। পাশাপাশি বাজার মনিটরিং জোরদার এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন জানান, চলতি মৌসুমে কৃষি বিভাগের ব্লক সুপারভাইজাররা নিয়মিত মাঠপর্যায়ে তদারকি করেছেন এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। পাশাপাশি অনুকূল আবহাওয়া, সেচসুবিধা এবং সার ও কীটনাশকের সরবরাহ পরিস্থিতি ভালো থাকায় আমনের ফলন ভালো হয়েছে।
তিনি বলেন, কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করায় কৃষকেরা এবার আমন উৎপাদনে ভালো ফল পেয়েছেন।
সংশ্লিষ্টদের আশা, দিনাজপুরে আমনের এই বাম্পার ফলন দেশের খাদ্য উৎপাদন ও খাদ্যনিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে কৃষকের পরিশ্রমের যথাযথ মূল্যায়নের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন