গাইবান্ধায় ৪৩ গ্রাম হেরোইন উদ্ধারের একটি মাদক মামলায় তৌহিদ আরমান সিমান্ত নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) গাইবান্ধার বিজ্ঞ জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৩ গ্রাম অবৈধ হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪৩ হাজার টাকা।
আদালত সূত্রে জানা যায়, মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ৮(গ) উপধারায় দায়ের করা হয়েছিল। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। আলোচিত মামলাটির নম্বর ৩১, জিআর নম্বর ৮১/২১ এবং সেশন মামলা নম্বর ৪৩৭/২১।
রায়ের প্রতিক্রিয়ায় জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট মিজানুর রহমান সন্তোষ প্রকাশ করে বলেন, ‘মাদকমুক্ত দেশ ও সমাজ গঠনের লক্ষ্যে আজ যে রায় হয়েছে, তাতে আমরা অত্যন্ত সন্তোষ প্রকাশ করছি। আসামিকে উপযুক্ত ও সর্বোচ্চ সাজা দেওয়ায় রাষ্ট্রপক্ষ ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।’
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন