প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সফরে আসছেন তারেক রহমান। তাঁর আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে সীমান্তঘেঁষা এ জেলায়। তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত দীর্ঘদিনের উন্নয়নবঞ্চিত জনপদের মানুষের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরাও।
প্রধানমন্ত্রীকে বরণ করার প্রস্তুতির পাশাপাশি জেলার দীর্ঘদিনের উন্নয়নসংক্রান্ত দাবিগুলোও সামনে আনছেন স্থানীয় বাসিন্দারা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, পরিত্যক্ত লালমনিরহাট বিমানবন্দর ও মোগলহাট স্থলবন্দর চালু, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বুড়িমারী স্থলবন্দরের ব্যবসা সম্প্রসারণ, মহাসড়ক চার লেনে উন্নীত করা এবং বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বুড়িমারী থেকে শুরু করাসহ নানা দাবি তাঁদের।
জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর সফল করতে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও প্রস্তুতি নিয়েছেন। বিভিন্ন এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বাগত কর্মসূচি পালন করছেন। জেলার সাধারণ মানুষও প্রধানমন্ত্রীর বক্তব্য ও সম্ভাব্য উন্নয়ন ঘোষণার অপেক্ষায় রয়েছেন।
তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। বিগত সরকার এ প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। তিস্তা নদীর ভাঙন, বন্যা ও পানির সংকট মোকাবিলায় এ মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন রংপুর বিভাগের নদীপাড়ের মানুষ।
বিএনপি বিরোধী দলে থাকাকালে দলটির সাংগঠনিক সম্পাদক ও বর্তমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ওই আন্দোলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তারেক রহমানও প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সেই প্রত্যাশা থেকে এবার প্রধানমন্ত্রীর সফরে তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত রোডম্যাপ ঘোষণার দাবি তুলেছেন তিস্তাপাড়ের বাসিন্দারা।
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিয়ার রহমান বলেন, প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রধানমন্ত্রী হিসেবেও বিভিন্ন বক্তব্যে এ বিষয়ে আশ্বাস দিয়েছেন। তাঁরা আশা করছেন, এবারের সফরে তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করা হবে।
লালমনিরহাটের পরিত্যক্ত বিমানবন্দরটি চালুর দাবিও দীর্ঘদিনের। স্থানীয়দের দাবি, বিমানবন্দরটি চালু হলে জেলার ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে বুড়িমারী স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসায়ী ও যাত্রীদের যাতায়াত সহজ হবে। বর্তমানে তাঁদের অনেককে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে হয়।
এ ছাড়া দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর দাবিও রয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সফরে এ বিষয়ে ইতিবাচক ঘোষণা আসবে।
লালমনিরহাটে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবিও দীর্ঘদিনের। জেলার সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় এ জন্য জমি নির্বাচন করা হলেও প্রকল্পটি বাস্তবায়িত হয়নি বলে স্থানীয়দের দাবি। স্থানীয় বিএনপির সংসদ সদস্যের নির্বাচনী ইশতেহারেও সেখানে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়টি ছিল।
যাত্রীদের আরেকটি দীর্ঘদিনের দাবি, লালমনিরহাট থেকে যাত্রা করা বুড়িমারী এক্সপ্রেস আন্তনগর ট্রেনটির যাত্রা বুড়িমারী থেকে শুরু করা। তাঁদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে পাটগ্রামসহ সীমান্তবর্তী এলাকার যাত্রীদের রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি ভারত, ভুটান ও নেপাল থেকে আসা যাত্রীদেরও সুবিধা হবে।
বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বুড়িমারী থেকে শুরু এবং পণ্যবাহী ট্রেন পুনরায় চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণার প্রত্যাশা করছেন স্থানীয় যাত্রী ও ব্যবসায়ীরা।
প্রকাশিত সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে লালমনিরহাট এয়ারফিল্ডে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ক্যাম্পাস পরিদর্শন এবং বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
পরে সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। দুপুরে সার্কিট হাউসে যাত্রাবিরতির পর বেলা আড়াইটায় লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে অংশ নেবেন। কর্মসূচি শেষে বিকেল সোয়া ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলার মানুষের প্রত্যাশা, দীর্ঘদিনের উন্নয়ন দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সরকার পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেবে। এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীপাড়ের মানুষ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন