লালমনিরহাটে শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মো. নুরুজ্জামান নামে এক স্কুলশিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন। আদালত রায়ে জরিমানার এক লাখ টাকা ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে ১৭ বছরের ওই কিশোরী শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করেন শিক্ষক নুরুজ্জামান। এ ঘটনায় ২০১২ সালে ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে আসামির বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারায় আদালত আসামিকে এই যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা ন্যায়বিচার পেয়েছি। একজন শিক্ষক হয়ে নানা প্রলোভনে নিজের শিক্ষার্থীকে বিভিন্ন জায়গায় নিয়ে একাধিকবার ধর্ষণ করার বিষয়টি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এই দৃষ্টান্তমূলক রায়ের মাধ্যমে ভবিষ্যতে আর কোনো শিক্ষক এমন অন্যায় ও জঘন্য কাজে লিপ্ত হতে সাহস পাবেন না বলে আমরা বিশ্বাস করি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন