গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের তালুক রিফাইতপুর এলাকায় আলাই নদীর ওপর নির্মিত বাঁশ-কাঠের সাঁকোটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। নড়বড়ে সাঁকো দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন নদীর দুই পাড়ের মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন স্কুলগামী শিক্ষার্থী, রোগী ও বয়স্ক ব্যক্তিরা। দীর্ঘদিন ধরে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে এলেও তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় আলাই নদীর দুই পাড়ের মানুষ ভাসমান ড্রামের সাহায্যে পারাপার হতেন। যাতায়াতের দুর্ভোগ কমাতে এক যুগেরও বেশি সময় আগে গ্রামবাসী নিজেদের চাঁদার টাকা ও স্বেচ্ছাশ্রমে বাঁশ-কাঠ দিয়ে একটি সাঁকো নির্মাণ করেন। সেই সাঁকোই দীর্ঘদিন ধরে দুই পাড়ের মানুষের যোগাযোগের একমাত্র ভরসা হয়ে আছে।
তবে দীর্ঘদিন ব্যবহারের ফলে সাঁকোটির বিভিন্ন অংশ ভেঙে নড়বড়ে হয়ে পড়েছে। মাঝেমধ্যেই সাঁকোর অংশবিশেষ ভেঙে চলাচল বন্ধ হয়ে যায়। তখন বাধ্য হয়ে স্থানীয়দের নৌকা কিংবা কলাগাছের ভেলায় নদী পার হতে হয়। নদীর এক পাড়ে স্কুল, বাজার ও চিকিৎসাসেবার ব্যবস্থা থাকায় প্রতিদিনই নানা প্রয়োজনে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে বাসিন্দাদের।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এখানে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের আশ্বাস দিলেও নির্বাচনের পর সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয় না। ফলে বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই পাড়ের মানুষকে।
স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, ‘ব্রিজ নির্মাণের জন্য বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সুরাহা হচ্ছে না। ভোটের আগে সবাই ব্রিজ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোটের পর আর কেউ খোঁজ নেন না। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের চলাচল করতে হয়। সাঁকো নষ্ট হলে কোমলমতি শিক্ষার্থীসহ সবাইকে কলাগাছের ভেলায় নদী পার হতে হয়।’
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফ সুমন বলেন, এলাকাবাসী নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে মাঝেমধ্যে সাঁকোটি মেরামত করেন। কিন্তু স্থায়ী ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়েই চলাচল করতে হচ্ছে। বিশেষ করে অসুস্থ রোগী ও স্কুলগামী শিশুদের যাতায়াতের সময় চরম বিপাকে পড়তে হয়।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গাইবান্ধা সদর উপজেলা প্রকৌশলী মো. বাবলু মিয়া বলেন, ‘ব্রিজ নির্মাণের জন্য সংযোগ সড়ক প্রয়োজন। কিন্তু ওই ব্রিজের সংযোগ সড়কের আইডি নম্বর না থাকায় নির্মাণকাজে সময় লাগছে। স্থানীয়দের যোগাযোগব্যবস্থা সহজ করতে ব্রিজ নির্মাণের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।’
এদিকে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন