ভক্তদের দেওয়া অভিনব এক শর্ত পূরণের মধ্য দিয়ে অবশেষে ঘোষণা করা হলো জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’র পঞ্চম সিজনের মুক্তির তারিখ। আগামী ৩ ডিসেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে নতুন এই সিজন।
এর আগে গত রোববার জানানো হয়েছিল, চলতি বছর মুক্তি পাচ্ছে না সিরিজটির পঞ্চম সিজন। এতে হতাশ হয়ে পড়েন ভক্তরা। তবে পরদিনই প্রাইম ভিডিওর অফিশিয়াল পেজে প্রকাশিত একটি ভিডিও নতুন আলোচনার জন্ম দেয়। সেখানে ফুলেরার নতুন প্রধান ক্রান্তি দেবী তার পরিবারের অতীত অপমানের কথা তুলে ধরে দাবি করেন, এবার তাদের চাই ‘ফুল ইজ্জত’, অর্থাৎ পূর্ণ সম্মান।
এই সম্মান আদায়ের জন্য দর্শকদের সামনে একটি শর্ত জুড়ে দেন ক্রান্তি দেবী। নির্দিষ্ট একটি ওয়েবসাইটে গিয়ে বানরাকাস চরিত্রের গলায় এক কোটি মালা পরাতে হবে। এই লক্ষ্য পূরণ হলেই জানানো হবে নতুন সিজনের মুক্তির দিন। ক্রান্তি দেবীর আহ্বানে সাড়া দিয়ে অল্প সময়ের মধ্যেই এক কোটি মালা পরানোর শর্ত পূরণ করেন ভক্তরা। এরপরই ওয়েবসাইটে ৩ ডিসেম্বর মুক্তির তারিখ প্রকাশ করা হয়।
প্রত্যন্ত গ্রাম ফুলেরার মানুষের জীবনযাপন, স্থানীয় রাজনীতি ও সম্পর্কের নানা টানাপোড়েন নিয়ে নির্মিত ‘পঞ্চায়েত’। আগের সিজনের শেষে ফুলেরার রাজনীতিতে বড় পরিবর্তন আসে। নির্বাচনে মঞ্জু দেবীকে হারিয়ে নতুন প্রধান হন ক্রান্তি দেবী। অন্যদিকে ক্যাট পরীক্ষায় উত্তীর্ণ হন সচিবজি এবং রিঙ্কির কাছে নিজের ভালোবাসার কথাও স্বীকার করেন তিনি।
নতুন সিজনে ক্রান্তি দেবীর নেতৃত্বে বদলে যাওয়া ফুলেরায় সচিবজির কর্মজীবন কেমন হবে এবং রিঙ্কির সঙ্গে তার সম্পর্ক কোন দিকে এগোবে, তা নিয়ে দর্শকদের বাড়তি আগ্রহ রয়েছে।
নতুন সিজন প্রসঙ্গে সম্প্রতি ‘ভ্যারাইটি ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন প্রহ্লাদ চরিত্রের অভিনেতা ফয়সল মালিক। তিনি বলেন, ‘পঞ্চম সিজনে অনেক কিছুই বদলে যাচ্ছে। প্রতিটি চরিত্রের জীবনে অনেক বাঁক ও বদল দেখা যাবে। বরাবরের মতো কমেডি ও ড্রামা তো থাকছেই, তবে এবার এমন কিছু অভাবনীয় ঘটনা ঘটবে, যা দর্শকদের চমকে দেবে।’
দ্য ভাইরাল ফিভার (টিভিএফ) প্রযোজিত এবং দীপক কুমার মিশ্র পরিচালিত সিরিজটির পঞ্চম সিজনে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, সুনীতা রাজওয়ার, সানভিকা, ফয়সল মালিক, চন্দন রায়, দুর্গেশ কুমার ও অশোক পাঠকসহ অনেকে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন