নেদারল্যান্ডসের হেগ শহরের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় আজ।
মামলার প্রায় সাত বছর পর বিশ্বের সর্বোচ্চ আদালতে এই রায় জাতিগত সংখ্যালঘুদের ওপর নৃশংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক জবাবদিহিতার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
২০১৯ সালের ১১ নভেম্বর দায়ের করা এই মামলায় মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের ওপর, বিশেষ করে ২০১৬ ও ২০১৭ সালে রাখাইন রাজ্যে পরিচালিত সামরিক অভিযানের সময় ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত সনদ (জেনোসাইড কনভেনশন) লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
আজ দিনের শেষ ভাগে নেদারল্যান্ডসের দ্য হেগের পিস প্যালেসে এই রায় ঘোষণা করা হবে। রায়ে মিয়ানমার গণহত্যা সনদের আওতায় তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে কি না এবং আদালত কর্তৃক প্রমাণিত যেকোনো লঙ্ঘনের আইনি পরিণতি কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।
২০১৭ সালের সামরিক অভিযানের ফলে সাড়ে সাত লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। এর আগে নিপীড়ন ও সহিংসতা থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা শরণার্থীদের সাথে যুক্ত হয় তারা।
ব্যাপক এই বাস্তুচ্যুতি, হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং গ্রাম ধ্বংসের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে এবং ন্যায়বিচারের দাবি জোরালো হয়।
গাম্বিয়ার অভিযোগ, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে হত্যাকাণ্ড, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতিসাধন, যৌন সহিংসতা এবং পরিকল্পিতভাবে রোহিঙ্গা বসতি ধ্বংসসহ গণহত্যামূলক কর্মকাণ্ড চালিয়েছে।
আন্তর্জাতিক আইনের আওতায় রাষ্ট্রীয় দায়বদ্ধতা প্রতিষ্ঠার ক্ষেত্রে এই বিচার প্রক্রিয়াটি একটি মাইলফলক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। নৃশংসতায় সরাসরি ক্ষতিগ্রস্ত না হওয়া সত্ত্বেও গাম্বিয়া মামলাটি করেছে। দেশটি গণহত্যা কনভেনশনের কথা উল্লেখ করে যুক্তি দেখিয়েছে, এর বাধ্যবাধকতাগুলো চুক্তিতে স্বাক্ষরকারী সকল রাষ্ট্রের জন্য প্রযোজ্য এবং আইসিজের মাধ্যমে তা কার্যকর করা সম্ভব।
২০২০ সালের জানুয়ারিতে আইসিজে সর্বসম্মতিক্রমে মিয়ানমারকে গণহত্যা সনদের আওতাভুক্ত কর্মকাণ্ড প্রতিরোধ, রোহিঙ্গাদের আরও ক্ষতির হাত থেকে রক্ষা, প্রমাণ সংরক্ষণ এবং নিয়মিত কমপ্লায়েন্স প্রতিবেদন জমা দেওয়ার পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিল। ওই আদেশটি ছিল একটি প্রাথমিক পদক্ষেপ এবং তাতে গণহত্যা সংঘটিত হয়েছে কি না, সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ছিল না।
মিয়ানমার আদালতের এখতিয়ার এবং মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আপত্তি তুললেও ২০২২ সালের জুলাই মাসে আইসিজে দেশটির প্রাথমিক আপত্তিগুলো খারিজ করে দেয়। ফলে বিচারিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পথ সুগম হয়।
কক্সবাজারে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে আসা বাংলাদেশের জন্য এই রায় গভীর মানবিক ও কূটনৈতিক তাৎপর্য বহন করে। রাষ্ট্রীয় দায়বদ্ধতা প্রমাণিত হলে তা জবাবদিহিতার জন্য আন্তর্জাতিক চাপ আরও জোরদার করতে পারে, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিকে শক্তিশালী করতে পারে এবং দীর্ঘায়িত এই শরণার্থী সংকটের একটি টেকসই সমাধানের আহ্বানকে নতুন করে বেগবান করতে পারে।
রায় নিয়ে প্রত্যাশা সম্পর্কে এক প্রশ্নের জবাবে বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সংক্ষিপ্ত কিন্তু দৃঢ়ভাবে উত্তর দেন, ‘ন্যায়বিচার’।
তবে এই রায়ই রোহিঙ্গা প্রত্যাবাসন, ক্ষতিপূরণ কিংবা ব্যক্তিগতভাবে অপরাধীদের ফৌজদারি জবাবদিহিতা নিশ্চিত করবে না। কারণ এর বাস্তবায়ন আদালতের রায়ের বাইরের আইনি, কূটনৈতিক এবং বাস্তবসম্মত পদক্ষেপের ওপর নির্ভর করবে।
গণহত্যা প্রতিরোধ এবং নৃশংসতার শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের অঙ্গীকারের একটি পরীক্ষা হিসেবে এই সিদ্ধান্তের দিকে বিশ্বজুড়ে নিবিড় নজর রাখা হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন