দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. দীপক কুমার সরকারের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব ও পরবর্তী সময়ে হেনস্তার অভিযোগ তুলেছেন এক নারী শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর অভিযোগ, শিক্ষক তাকে বলেছেন, ‘যখন তোমাকে দেখি, তখন আমার বুকের ভেতর আপস অ্যান্ড ডাউন হয়।’
গত মঙ্গলবার (১৭ নভেম্বর) অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৩ জুলাই ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক ড. দীপক কুমার সরকার রাত ১টা ৫১ মিনিটে ভুক্তভোগী শিক্ষার্থীকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান। পরদিন সকাল সাড়ে ১০টায় একজন বান্ধবীসহ তাকে নিজের অনুষদীয় চেম্বারে দেখা করতে বলেন। শিক্ষার্থী তার বান্ধবীকে সঙ্গে নিয়ে যথারীতি অভিযুক্ত শিক্ষকের চেম্বারে যান। কিছুক্ষণ পর ব্যক্তিগত কথা আছে জানিয়ে সঙ্গে আসা বান্ধবীকে চেম্বার থেকে বের হয়ে বাইরে অপেক্ষা করতে বলেন ওই শিক্ষক।
বান্ধবী চেম্বার থেকে বের হওয়ার পর অভিযুক্ত শিক্ষক ওই শিক্ষার্থীকে প্রশ্ন করেন, ‘তুমি পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসো?’ উত্তরে শিক্ষার্থী তার বাবার কথা বললে শিক্ষক তাকে বাবার দিব্যি দিয়ে বলেন, তাকে এখন যে কথাগুলো বলা হচ্ছে, তা যেন কাউকে না বলা হয়। এরপর ওই শিক্ষক তাকে বলেন, ‘আমার জীবনে প্রথম যে প্রেমিকা ছিল, তুমি দেখতে ঠিক সেই মেয়েটার মতো। যখন তোমাকে দেখি, তখন আমার বুকের ভেতরে আপস অ্যান্ড ডাউন হয়।’
এ সময় অভিযুক্ত শিক্ষক ওই শিক্ষার্থীকে নিয়ে বিকেলে দিনাজপুরের বিরলে চা খেতে যাওয়া এবং ব্যক্তিগত সময় কাটানোর প্রস্তাব দেন। একপর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই ওই শিক্ষক তার হাত ধরে হ্যান্ডশেক করেন এবং বলেন, ‘তোমার গাল বেশি নরম, হাতটা শক্ত।’
এমন ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই শিক্ষার্থী। পরে তিনি বিষয়টি তার পরিবারকে জানান। পাশাপাশি অভিযুক্ত শিক্ষকের স্ত্রীকেও বিষয়টি অবহিত করেন। অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন, শিক্ষকের স্ত্রী তাকে তার স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন।
লিখিত অভিযোগে ওই শিক্ষার্থী আরও জানান, পরবর্তী সময়ে ২০২৬ সালের ১৭ জানুয়ারি তার ভাইভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ক্লাসের সিআর-এর মাধ্যমে তাকে আবারও চেম্বারে ডেকে নেন ওই শিক্ষক। ঘটনাটি তার পরিবার ও স্ত্রীকে জানানোর কারণে চেম্বারে ডেকে টেবিল চাপড়ে উচ্চস্বরে কথা বলেন এবং তার বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন। তার হাতে দুটি কোর্স থাকায় প্রশ্ন করা ও খাতা দেখার ক্ষমতাও তার হাতে রয়েছে বলে উল্লেখ করে শিক্ষকসুলভ নয়, এমন আচরণ করেন তিনি।
এ ঘটনায় মানসিকভাবে অসুস্থ হয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়ায় দীর্ঘদিন ক্লাস করতে পারেননি ওই শিক্ষার্থী। অভিযোগে আরও দাবি করা হয়, আগের ঘটনার জের ধরে পরবর্তী সময়ে তাকে নানাভাবে হেনস্তা করা হয়। এর ফলে পরীক্ষায় তার ফলাফল খারাপ হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত অধ্যাপক ড. দীপক কুমার সরকারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘এই বিষয়ে আমি অবগত নই। আর এমন তো হওয়ার কথা নয়, এমন কিছু তো আমি করিনি।’
অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি একটু ব্যস্ত আছি, কিছুক্ষণ পর কথা বলি।’
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন