দেশজুড়ে অস্থিরতা, সন্ত্রাস ও নাশকতার অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফের বাসে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে রংপুর নগরীর আরকে রোড পশ্চিম বাবু খাঁ এলাকায় মা ও শিশু হাসপাতালের বিপরীতে রাখা শাপলা পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৩-১৮৫৬) বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সাজু মিয়ার গ্যারেজে এ ঘটনাটি ঘটে। পরিবহনটি মেরামতের জন্য গ্যারেজে রাখা হয়েছিল।
শাপলা পরিবহন বাসটি রংপুর-জলঢাকা রুটে চলাচল করত। এর মালিক মিঠু মিয়া নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন বিএনপির নির্বাহী কমিটির সদস্য।
গ্যারেজের নাইটগার্ড সিরাজুল ইসলাম জানান, রাত সোয়া ৩টার দিকে মুখে মাস্ক পরিহিত তিনটা ছেলে গাড়ির সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। তখন তিনি পাশের একটি দোকানে পান নিতে গিয়েছিলেন। সেখান থেকে আসার আগেই গ্যারেজে গাড়ির সামনে আগুন দেখতে পেয়ে ছুটে আসেন। ওই সময় ছেলেগুলো দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তাদের পরনে সাদা শার্ট ছিল। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এতে আগুন নেভায় ততক্ষণে বাসটি পুড়ে যায়।
আগুন লাগানোর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বাসটির মালিক মিঠু মিয়া ও পরিবহন শ্রমিক ও মালিক সমিতির লোকজন।
গাড়ির মালিক মিঠু মিয়া বলেন, আমার বাসটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন আগুন লাগিয়েছে। আমার ধারণা গানপাউডার ছিটিয়ে আগুন লাগোনো হয়েছে। এটাই আমার রুটি রুজির পথ ছিল। এখন আমি নিঃস্ব।
রংপুর ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ারুল হক জানান, আগুন লাগানোর সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, আমাদের প্রাথমিক ধারণা এই ঘটনা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘটিয়েছে। তবে কীভাবে ঘটালো এবং এখানে কোন ক্যামিকেল ব্যবহার হয়েছে কিনা—সেটা আমরা খতিয়ে দেখছি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন