পারিশ্রমিক বাবদ প্রায় ৬৭ হাজার টাকা বকেয়া পড়ে থাকায় যাত্রাপালায় অভিনয় ছেড়ে দিয়েছেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর। নিজের বর্তমান অবস্থার কথা জানাতে গিয়ে ভুবন জানিয়েছেন, টাকা না পাওয়ায় আর যাত্রায় কাজ করছেন না; এখন ফেসবুক মিটআপ ও গান গেয়ে কোনোমতে সংসার চালাচ্ছেন।
বীরভূমের দুবরাজপুর থানার প্রত্যন্ত কুড়ালজুরি গ্রামের সাধারণ বাদাম বিক্রেতা ছিলেন ভুবন। সাইকেলের পেছনে বাদামের বস্তা নিয়ে গ্রামে গ্রামে ঘুরতে ঘুরতে নিজের সুরে গান বাঁধতেন তিনি। এক পথচারীর ধারণ করা সেই গানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ পেরিয়ে বাইরেও পরিচিতি পান ভুবন।
শুধু আশপাশের গ্রামের মানুষ যাকে চিনতেন, সেই তিনি একসময় মুম্বাইয়ে গিয়েছিলেন এবং জনপ্রিয় রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন। নামিদামি তারকাদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়া থেকে শুরু করে মিউজিক ভিডিওতেও দেখা গেছে ‘বাদাম কাকু’কে।
সেই পরিচিতি ও আয়ে মাটির বাড়ি ছেড়ে পাকা বাড়িও তুলেছিলেন ভুবন। তবে সময়ের সঙ্গে আলোচনার আলো অনেকটাই ফিকে হয়ে গেছে এবং এখন আর আগের মতো সংবাদমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে দেখা যায় না।
নিজের বর্তমান অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে ভুবন জানান, মাঝে কিছুদিন যাত্রাপালায় অভিনয় করেছিলেন। কিন্তু কাজ করানোর পরও ঠিকমতো পারিশ্রমিক না মেলায় প্রায় ৬৭ হাজার টাকা বকেয়া জমে যায়। টাকা না পাওয়ায় তিনি যাত্রাপালার কাজ ছেড়ে দিয়েছেন।
বর্তমান আয়ের পথ সম্পর্কে ভুবন বলেন, বিভিন্ন জায়গায় ফেসবুক মিটআপের আমন্ত্রণ পেলে সেখানে যান এবং সেখান থেকে সামান্য যে আয় হয়, তা দিয়েই কোনোমতে সংসার চলছে। পাশাপাশি মাঝেমধ্যে কীর্তন বা বাউল গানের দল ডাকলে গান গাইতে যান তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন