অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত তার এ সফর চলবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। এছাড়া মালয়েশিয়ায়ও প্রবাসীদের বিভিন্ন কর্মসূচিতে তার অংশগ্রহণের কথা রয়েছে।
জামায়াত আমিরের সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।
ঢাকা ছাড়ার সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির ও সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এবং উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলটির অন্যান্য কেন্দ্রীয় নেতারা।
আগামী ২৬ নভেম্বর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের দেশে ফেরার কথা রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন