নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. রশিদুল হক সরকার। দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততা, দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তাঁকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। আলহাজ্ব মো. রশিদুল হক সরকার নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মরহুম আমজাদ হোসেন সরকারের ছোট ভাই। রাজনৈতিক জীবনে বিএনপির প্রতিকূল সময়েও তিনি দলের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে সক্রিয় ভূমিকা রেখেছেন। বিভিন্ন সময়ে কারাবরণ করলেও নেতাকর্মীদের পাশে থেকে দলীয় কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন বলে তাঁর অনুসারীরা জানান।
দলীয় নেতাকর্মীদের কাছে তিনি একজন শান্ত, নম্র ও ভদ্র স্বভাবের মানুষ হিসেবে পরিচিত। তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড শুধু দলীয় পরিসরেই সীমাবদ্ধ নয়; সাধারণ মানুষের সঙ্গেও রয়েছে যোগাযোগ ও সম্পর্ক। নানা বিষয়ে পরামর্শ কিংবা সহযোগিতার প্রত্যাশায় অনেকেই তাঁর কাছে আসেন। তিনি নিজের সামর্থ্য অনুযায়ী তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।
আগামী সৈয়দপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশা করছেন রশিদুল হক সরকার। পৌর এলাকার উন্নয়ন, নাগরিক সেবা, জনস্বার্থ এবং মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলার প্রত্যাশা নিয়ে তিনি নির্বাচনি মাঠে দীর্ঘদিন থেকে কাজ করে আসছেন। তাঁর সমর্থকদের প্রত্যাশা, দলীয় মনোনয়ন পেলে সৈয়দপুরের উন্নয়ন ও জনসেবায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তবে শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন এবং নির্বাচনি সমীকরণই নির্ধারণ করবে মেয়র পদে তাঁর রাজনৈতিক অগ্রযাত্রার পরবর্তী ধাপ। তবে রশিদুল হক সরকার ইতিপূর্বে পৌর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটের ব্যবধানে জয়ী হতে পারেননি ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন