গাইবান্ধার সুন্দরগঞ্জে আঁখি বেগম ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে আদিল মিয়া হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বজরা কঞ্চিবাড়ী বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান এবং দ্রুত বিচার দাবি করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন মা ও তাঁর শিশুসন্তানকে হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় জড়িত প্রত্যেককে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এলাকাবাসীর আন্দোলন অব্যাহত থাকবে।
মানববন্ধনে বক্তব্য দেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম প্রামাণিক মাহমুদ, জেলা বিএনপির সদস্য মাসুম পারভেজ, কঞ্চিবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আননা কায়ছার, কবি ও সাংবাদিক সাইফুল আকন্দ, রায়হান মিয়া, ইউশা আহমেদ তালহা, নিহত আঁখির মা নাজমা বেগম, মেয়ে রেজোয়ান আক্তার, ভাই নাজমুল হোসেন রনি ও খালা আনোয়ারা বেগম পাখিসহ স্থানীয় ব্যক্তিরা।
এ সময় বক্তারা নিহতদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন