"আসুন সবাই শপথ করি-মাদকমুক্ত সমাজ গড়ি" এই প্রতিপাদ্যে দিনাজপুরে সামাজিক অপরাধ প্রতিরোধ ও সমাজকল্যাণ সংস্থার (লাল ঘর) ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৬ পালন করা হয়েছে।
শুক্রবার (২০ নবেম্বর ২০২৬) বাদ মাগরিব দিনাজপুর শহরের রামনগর মদিনা মসজিদ মোড়ে সংস্থার কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেন, যে কাজগুলো যুবকদের করার দরকার ছিল, সেই কাজগুলো এলাকার মুরব্বিরা করছেন। তাই এই কাজে সবাইকে এগিয়ে আসতে হবে ও সহযোগিতা করতে হবে। আগামী এক বছরের মধ্যে দিনাজপুরের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ।
তাঁকে ভোট দিয়ে সংসদে পাঠানোর জন্য দিনাজপুরবাসিকে অভিনন্দন জানান তিনি।
সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেন, দিনাজপুরে অচিরেই একটি ক্যাডেট কলেজ ও একটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করা হবে। ইতোমধ্যে যার অনুমোদন হয়েছে।
যুবসমাজের নেশা ছেড়ে সুস্থ জীবনে ফিরে আসার আহবান জানান তিনি।
সংস্থার সভাপতি মোঃ সাদেক মিয়া সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ মাইনুল ইসলাম,
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র পরিচালক ও আইডিইবি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর মুর্শেদ সুমন, দিনাজপুর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুন্নবী, জমিরিয়া আইডিয়াল ক্যাডেট মাদরাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ খায়রুজ্জামান ও সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা সোহরাব হোসাইন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও সংস্থার সাধারণ সম্পাদক এসএম ইউসুফ আলী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের বিশিষ্ট আলেম আলহাজ্ব মাওলানা মতিউর রহমান কাসেমী ও গোলাপ বাগ মাদরাসার মুহতামিম মুফতি মুহাম্মদ শোয়াইব।
সব শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থ ও দীর্ঘ জীবন কামনাসহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মতিউর রহমান কাসেমী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন