‘আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস উদযাপন উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার ১০ নং মোহনপুর ইউনিয়নের পাথরঘাটা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কারিতাস জাপানের অর্থায়নে কারিতাস দিনাজপুর অঞ্চলের সংলাপ প্রকল্পের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের অধিকার, সুরক্ষা, কল্যাণ ও ভবিষ্যৎ গঠনে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, প্রতিটি শিশুর মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টিকর খাবার ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু নির্যাতন প্রতিরোধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নিজাম আলী এবং চৌধুরীহাট কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোছা. মমতাজ শারমিন।
কারিতাস সংলাপ প্রকল্পের ফোকাল পারসন মি. বেঞ্জামিন সরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর আজিনা মার্ডি। এ সময় ফিল্ড ফ্যাসিলিটেটর দীপ্তি মার্ডিসহ সংলাপ সাপোর্ট টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ৬০ জন কিশোরী, সংলাপ সাপোর্ট টিমের সদস্য, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পরে শিশু-কিশোরদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নে উৎসাহিত করতে গাছের চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে। শিশুদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন