ঢালিউড ও টালিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী জয়া আহসান ও শ্রাবন্তী চ্যাটার্জিকে এবার একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়। প্রথমবারের মতো একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তাঁরা। কলকাতার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক অর্জুন দত্তের নতুন মনস্তাত্ত্বিক থ্রিলার ‘আরএসভিপি মার্ডার’-এ দেখা যাবে দুই অভিনেত্রীকে।
পাহাড়ের মনোরম পরিবেশে রহস্য, সন্দেহ, ঈর্ষা ও বিশ্বাসঘাতকতার গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি। প্রযোজক অভিজিৎ চট্টোপাধ্যায়ের প্রতিষ্ঠান শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ব্যানারে তৈরি হবে ছবিটি। সহপ্রযোজক হিসেবে থাকছেন রূপম গোস্বামী।
সিনেমাটির গল্পে উঠে আসবে বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা নানা মুখোশ, দাম্পত্য জীবনের টানাপোড়েন, পারিবারিক ক্ষোভ, ঈর্ষা ও বিশ্বাসঘাতকতার নানা দিক। আপাতদৃষ্টিতে স্বাভাবিক সম্পর্কের আড়ালে প্রত্যেকের জীবনে রয়েছে কোনো না কোনো গোপন সত্য। রহস্যের পাশাপাশি ছবিতে থাকছে ডার্ক হিউমার ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব।
সিনেমাটিতে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শ্রাবন্তী। তিনি বলেন, ‘অর্জুনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। ছবির গল্প এবং আমার চরিত্রটা দারুণ। এর আগে এমন ধরনের চরিত্রে আমি কখনো অভিনয় করিনি। দর্শক আমাকে একদম নতুন রূপে দেখতে পাবেন।’
অন্যদিকে জয়া আহসান বলেন, ‘অর্জুন আমার অত্যন্ত পছন্দের একজন পরিচালক। আরএসভিপি মার্ডার একটি মার্ডার মিস্ট্রি, আর এই ছবির অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। চরিত্রটি ফুটিয়ে তোলার মধ্যে একটা আলাদা চ্যালেঞ্জ রয়েছে।’
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন