জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের স্মৃতি চিরস্মরণীয় করে রাখতে রংপুরে নবনামকরণকৃত ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ (পূর্বতন রংপুর জেলা স্টেডিয়াম) এবং ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’-এর শুভ উদ্বোধন ও নামফলক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্টেডিয়াম দুটির শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম মহোদয়।
অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের সম্মানিত পিতা মকবুল হোসেন, মাতা মনোয়ারা বেগম এবং পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মাহফুজ উন নবী চৌধুরী; রংপুর জেলা পরিষদের প্রশাসক জনাব মো. সাইফুল ইসলাম; রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মু. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা; রংপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহানসহ রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়কবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় সুধীসমাজ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী শহীদ আবু সাঈদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তাঁর স্মৃতিবিজড়িত এ দুটি ক্রীড়া স্থাপনা রংপুরের ক্রীড়াঙ্গনের বিকাশে ভূমিকা রাখার পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে তাঁর বীরত্ব ও ত্যাগের স্মারক হয়ে থাকবে। এ সময় তিনি স্টেডিয়াম দুটির অবকাঠামোগত আধুনিকায়নে সরকারের পক্ষ থেকে বিশেষ উন্নয়ন বরাদ্দের আশ্বাস প্রদান করেন।
উদ্বোধন ও নামফলক উন্মোচন শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শহীদ আবু সাঈদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি রংপুর অঞ্চলের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার ক্ষেত্রে এ উদ্যোগ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন