পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন বলেছেন, শ্রেণিকক্ষের নৈতিক শিক্ষা ছাড়া কেউ ভালো মানুষ হতে পারেন না। এ জন্য শিক্ষার্থীদের কোচিংনির্ভরতা ছেড়ে নিয়মিত ক্লাসরুমে ফিরতে হবে।
ফরহাদ হোসেন আজাদ বলেন, কোচিংয়ে কেবল পরীক্ষায় পাসের কৌশল শেখানো হয়, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষকরা পাঠ্যবইয়ের বাইরেও সমাজ, রাষ্ট্র ও জীবনবোধ সম্পর্কে প্রকৃত শিক্ষা দেন।
এ সময় শ্রেণিকক্ষের গুরুত্ব তুলে ধরে পেশাজীবীদের নৈতিক অবক্ষয়ের সমালোচনা করে তিনি আরও বলেন, ভিজিট ছাড়া রোগী না দেখা কিংবা ঘুষ ছাড়া কাজ না করার যে মানসিকতা, তা থেকে বেরিয়ে আসতে শ্রেণিকক্ষে শিক্ষকদের জ্ঞানদানের বিকল্প নেই।
নাগরিক সচেতনতার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালে দেশে ফেরার পর রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যবহৃত টিস্যু রাস্তায় না ফেলে পকেটে তুলে রেখেছিলেন। পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় শীর্ষ নেতৃত্বের এ কাজটি সবার জন্য অনুকরণীয়।
পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা, সুস্থ সংস্কৃতি চর্চা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার পরামর্শ দেন তিনি। এ সময় তিনি পাথরাজ সরকারি কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পাথরাজ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেগম সেলিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ সাজ্জাদ ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন