দিনাজপুরের হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান।
শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হিলি স্থলবন্দরে পেঁৗছান। পরে বন্দরের অভ্যন্তরের বিভিন্ন অবকাঠামো, ইমিগ্রেশন চেকপোস্ট ও জিরো পয়েন্ট ঘুরে দেখেন। এসময় বন্দরের সার্বিক কার্যক্রম, অবকাঠামো ও সক্ষমতা বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।
দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রীদের সুবিধার্থে যাত্রী ছাউনি ও হেলথ স্ক্রিনিং সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি লাগেজ তল্লাশির জন্য আধুনিক স্ক্যানার মেশিন বসানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান।
তিনি বলেন, জিরো পয়েন্টের ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করতে হলে দুই দেশের সম্মতির প্রয়োজন হয়। এ কারণে বিকল্প স্থানে এসব স্থাপনা নির্মাণের সম্ভাবনা এবং জায়গার সংকুলান পর্যালোচনা করতে সরেজমিনে পরিদর্শনে এসেছেন তিনি।
এর আগে সকাল সাড়ে ১১টায় হিলি স্থলবন্দরে পেঁৗছালে পানামা হিলি পোর্ট লিংক লিমিটেড কর্তৃপক্ষ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানায়। পরে তিনি বন্দরের বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় জিরো পয়েন্টসংলগ্ন ইমিগ্রেশন চেকপোস্টও পরিদর্শন করেন।
লাগেজ তল্লাশিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে স্থলবন্দর চেয়ারম্যান জানান, ইমিগ্রেশন ও কাস্টমস এলাকায় লাগেজ স্ক্রিনিংয়ের জন্য স্ক্যানার মেশিন স্থাপনের প্রস্তাব রয়েছে। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চিঠি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি স্থলবন্দরে লাগেজ স্ক্যানার স্থাপন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জজ মিত্র চাকমা, হিলি স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম প্রিন্স, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ জাকারিয়া, হাকিমপুর পৌর ভূমি কর্মকর্তা মোহাম্মদ রাশেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন