রংপুরের বদরগঞ্জে মুরগির খামারে চুরি করতে গিয়ে ধরা পড়ার পর চোর সন্দেহে গণপিটুনিতে মকবুল হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় খামারের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) ভোররাতে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের দলুয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পুলিশ মকবুলকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মকবুল হোসেন দিনাজপুরের পার্বতীপুরের হরিরামপুর ইউনিয়নের পলিপাড়া মৌবিরডাঙ্গা এলাকার সবুজ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে সিপি কোম্পানির একটি মুরগির খামারে চারজন মুরগি চুরি করতে যান। এ সময় খামারে স্থাপিত অ্যালার্ম বেজে উঠলে তিনজন পালিয়ে যান। একজনকে ধরে ফেলেন খামারে থাকা লোকজন। পরে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন।
সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মকবুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সকাল পৌনে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জুই বলেন, ‘মকবুল হোসেন নামে একজনকে হাসপাতালে নিয়ে আসার পর আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।’
বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, ‘ভোররাতে সিপি কোম্পানির একটি মুরগির খামারে চারজন মুরগি চুরি করতে গেলে অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্ম শুনে তিনজন পালিয়ে গেলেও একজন ধরা পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সকাল পৌনে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ ঘটনায় খামারে কর্মরত পশুচিকিৎসক চাঁপাইনবাবগঞ্জের নীমতলী এলাকার সৈয়দ আখতার হোসেনের ছেলে সৈয়দ আসিফ আখতার সাহাদ (২৮) এবং চালক দিনাজপুরের রানীগঞ্জের কালবাড়ি এলাকার রেজাউল করিমের ছেলে শিহাব বাবু (২৪) কে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন