নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ র্যালি ও অবস্থান কর্মসূচি পালন করেছে কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচিতে রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হোসেন সুমন বলেন, ‘শেখ হাসিনার অবস্থা হবে ফেরাউনের মতো। শেখ হাসিনার লাশও এই বাংলাদেশের মাটিতে আসবে না।’
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ র্যালিটি বের হয়। র্যালিটি ওয়ালটন মোড়, প্রেসক্লাব চত্বর ও জাহাজ কোম্পানি মোড় প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
সমাবেশে রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান খাঁন বলেন, ‘এই আওয়ামী লীগ যদি মনে করে, এ গোপালগঞ্জই বাংলাদেশ, তাহলে তারা ভুল ধারণার মধ্যে আছে। গোপালগঞ্জ কখনো বাংলাদেশ হতে পারে না। এটি দেশের একটি অংশ।’
তিনি বলেন, ‘এই গোপালগঞ্জের মানুষ বেইমান, এই গোপালগঞ্জের মানুষ স্বৈরাচার। কারণ, এস এম জিলানী ভাই দুদিন আগেই সংসদে এই গোপালগঞ্জের মানুষের জন্য বরাদ্দের কথা বলেছেন, গোপালগঞ্জের অসহায় মানুষের কথা বলেছেন, হিন্দু সম্প্রদায়ের কথা বলেছেন। সেই এস এম জিলানীর বাসায় তারা হামলা করেছে। যারা তাদের নিয়ে চিন্তা করেন, তাদের বাসায় যদি হামলা হয়, তাহলে তাদের মতো বেইমান ও ন্যক্কারজনক কাজ আর হতে পারে না।’
ইমরান খাঁন বলেন, ‘আজকে কোটালীপাড়ার প্রশাসনকে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন। এই সংগঠন যদি বাংলার মাটিতে আরও কোনো অরাজকতার চেষ্টা করে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কঠোর হাতে তাদের দমন করবে।’
রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হোসেন সুমন বলেন, ‘আপনারা জানেন, বিগত ১৭ বছর এই ফ্যাসিবাদী সরকার বাংলাদেশ ও বাংলাদেশের প্রশাসনের প্রত্যেকটি জায়গায় দলীয়করণ করে প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে। আমরা বিশ্বাস করি, প্রশাসনের মধ্যে আগে যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল, তাদের অনেকে পালিয়ে গেছে। যারা আছে, তারা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে কাজ করবে, এ দেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য কাজ করবে।’
তিনি আরও বলেন, ‘প্রশাসন নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো অপকর্মকে প্রশ্রয় দেবে না, কঠোর হাতে দমন করবে। এ জন্য প্রশাসনকে সহযোগিতা করতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রস্তুত আছে।’
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে নুর হোসেন সুমন বলেন, ‘আপনাদের প্রতি স্পষ্ট বার্তা—আপনাদের আপা আর বাংলাদেশের মাটিতে আসবে না। আপনাদের আপা বাংলাদেশে আসবে না। আপনারা গতকাল দেখেছেন, শামীম ওসমান যুক্তরাষ্ট্র থেকে বলেছেন, তিনি আর বাংলাদেশে আসবেন না। আপনারা ধরে নেন, যারা এখনো নাচানাচি করছেন, চিল্লাচিল্লি করছেন—আপা আসছে, আপনাদের আপা আসবে না।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার অবস্থা ফেরাউনের মতো। শেখ হাসিনার লাশও এই বাংলাদেশের মাটিতে আসবে না। ফেরাউনের লাশ যেমন শত শত বছর ধরে মিশরের জাদুঘরে আছে, তেমনি এই হাসিনার লাশ শত শত বছর ভারতের দিল্লিতে পড়ে থাকবে। বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার কবর হবে না।’
নুর হোসেন সুমন আরও বলেন, ‘শেখ হাসিনাকে যারা বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে, বাংলাদেশের জনগণ তাদের কঠোর হাতে দমন করবে। তাদের বাংলাদেশের মাটিতে মিশিয়ে দেব, তাদের অস্তিত্ব রাখব না।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক চঞ্চল চৌধুরী, সদস্য সচিব মিনহাজুল ইসলাম টুটুল, যুগ্ম আহ্বায়ক ইমরান, তানভীর, সোহেল, একরামুল ও সাব্বিরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন