লালমনিরহাটে পণ্যবোঝাই ট্রাক, গরুবোঝাই ভটভটি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় একটি গরুও মারা গেছে।
রোববার (২২ নভেম্বর) সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ গ্রামের ফজলুল হক এবং কুলাঘাট এলাকার এমদাদুল হক (৪৫)।
লালমনিরহাট সদর থানার ওসি রেজানুল হক জানান, ‘গরুর ব্যবসায়ী ফজলুল হক গরুবোঝাই ভটভটি নিয়ে বড়বাড়ি হাটে যাচ্ছিলেন। অন্যদিকে এমদাদুল হক মোটরসাইকেলে করে রংপুরে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে একটি পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গাড়ি দুটি সড়কের পাশের গর্তে পড়ে যায়।’
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফজলুল হক ও তার একটি গরু মারা যায়। এ সময় মোটরসাইকেল আরোহী এমদাদুল হক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। গর্তে পড়ে যাওয়া গাড়ি দুটি উদ্ধারের কাজ চলছে। তবে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন