পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে খায়রুদ্দিন আনসারি (২৯) নামে মানসিক ভারসাম্যহীন এক নেপালি নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বাংলাবান্ধা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের মেইন পিলার ৭৩২ এর ১ নম্বর সাব পিলার হতে আনুমানিক ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ, ফুলবাড়ী ও বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশ নেপাল দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে এই প্রত্যাবাসন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।
প্রত্যাবাসন করা খায়রুদ্দিন আনসারি নেপালের প্রদেশ ২ এর বারা জেলার পারছোনি গ্রামের বাদল আনসারির ছেলে।
এসময় নেপাল দূতাবাসের থার্ড সেক্রেটারি সূরাজ আমগাইন, বাংলাবান্ধা বিওপির বিজিবি সদস্য, বিএসএফের ফুলবাড়ি বিওপির সদস্য, বাংলাবান্ধা ও ফুলবাড়ী ইমিগ্রেশন পুলিশের সদস্যদের উপস্থিতিতে উভয় দেশের ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে বাংলাবান্ধা-ফুলবাড়ী ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) দিয়ে তাকে নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। তবে এ সময় ওই নেপালি নাগরিকের পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। নেপাল দূতাবাসের ওই কর্মকর্তা নিজে পরিবারের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করবেন।
বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস বলেন, খায়রুদ্দিন মানসিক ভারসাম্যহীন নাগরিক। গত ৫ বছর আগে তিনি কোন সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন তা বলতে পারেন নি। তবে ৫ বছর ধরেই বাংলাদেশের কুষ্টিয়া জেলায় এক ব্যক্তি তাকে পেয়ে নিজের তত্ত্বাবধানে রাখেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও বাংলাদেশে অবস্থানের বিস্তারিত তথ্য প্রচার করা হলে তার পরিচয় শনাক্ত হয়। এরপর নেপাল ও বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দুই দেশের দূতাবাস নেপালি নাগরিকের প্রয়োজনীয় ডকুমেন্ট ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। পরে তাকে নিজ দেশে ফেরার জন্য ট্রাভেল পাশ দেয়া হয়। পরে অন্যান্য আইনি পদক্ষেপ শেষে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ওই নেপালি নাগরিককে আজকে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা দিয়ে ফেরত পাঠানো হয়েছে নিজ দেশে। এসময় বিজিবি সদস্যরা তাদেরকে প্রত্যাবাসন কাজে সহযোগিতা করেন। এর আগে, বাংলাদেশ এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয়ে ট্রাভেল পাশ দিলে আজকে ওই নেপালি নাগরিক দেশে ফেরেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন