ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ শবনম বুবলী এবার প্রযোজক হিসেবেও নিজের অবস্থান তৈরি করতে এগিয়ে যাচ্ছেন। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’-এর প্রথম নির্মাণ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ জায়গা করে নিয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। দীর্ঘ বিরতির পর প্রতিষ্ঠানটির প্রথম কাজ সামনে আসায় নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে ‘বিগ প্রোডাকশন’-এর যাত্রা শুরুর ঘোষণা দিয়েছিলেন বুবলী। তখন তিনি জানিয়েছিলেন, এ প্রতিষ্ঠানের ব্যানারে সিনেমা, নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। তবে ঘোষণার পর দীর্ঘদিন প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। অবশেষে দেড় বছরের বেশি সময় পর প্রথম নির্মাণ নিয়ে হাজির হয়েছে প্রতিষ্ঠানটি।
‘ঠিকানা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মুরসালিন সরকার। এর চিত্রনাট্য লিখেছেন তাহসিন রিফাত। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী কাজী মিনহাজ ও পূর্ণতা। আগামী বছরের ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরে প্যানোরামা ট্যালেন্ট বিভাগে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।
প্রযোজক হিসেবে প্রথম কাজের এমন স্বীকৃতিতে আশাবাদী বুবলী। ‘বিগ প্রোডাকশন’-এর পাশে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ও মানসম্মত কাজ উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
এদিকে বর্তমানে অভিনয়ের তুলনায় ব্যক্তিগত জীবন ও মাতৃত্ব নিয়ে বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন বুবলী। গত ১১ মে দ্বিতীয়বারের মতো মা হয়েছেন তিনি। কন্যাসন্তানের জন্মের পর থেকে অনেকটাই আড়ালে রয়েছেন এই অভিনেত্রী। দীর্ঘদিন ধরে সিনেমার শুটিং, প্রচার-প্রচারণা কিংবা বিনোদনমূলক বিভিন্ন আয়োজনে তার উপস্থিতি চোখে পড়ছে না। ২০২৬ সালের ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমায় অভিনয় করলেও এর প্রচারণায় অংশ নিতে দেখা যায়নি তাকে।
তবে অভিনয়ে ফেরার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। নির্মাতা জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় অভিনয়ের কথা রয়েছে তার। পরিকল্পনা অনুযায়ী, আগামী জানুয়ারিতে এ সিনেমায় বুবলীর অংশের শুটিং শুরু হতে পারে। পাশাপাশি নতুন সিনেমায় কাজের বিষয়ে কয়েকজন পরিচালকের সঙ্গে তার আলোচনা চলছে বলেও জানা গেছে।
সম্প্রতি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন লোগো প্রকাশের খবর এবং কোরিওগ্রাফার গৌতম সাহার সঙ্গে একটি ভিডিও বার্তায় উপস্থিতি জনসমক্ষে বুবলীর ফেরার কিছুটা আভাস দিয়েছে। তবে নিয়মিত অভিনয়ে কবে ফিরবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি। আপাতত মাতৃত্বের পাশাপাশি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের কার্যক্রম এগিয়ে নেওয়ার দিকেই মনোযোগ দিচ্ছেন এই চিত্রনায়িকা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন