দিনাজপুরের ঐতিহাসিক গোর এ শহীদ ময়দান বড়মাঠ থেকে সেনাবাহিনীর ক্যাম্প প্রত্যাহারসহ অবমুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্হান কর্মসূচি পালন করেন সর্বস্তরের মানুষ। ঘন্টাব্যাপি কর্মসূচি শেষে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালকের হাতে তুলে দেন তারা। সকালে বড়মাঠ রক্ষা কমিটির ডাকে দিনাজপুর ইনস্টিটিউট চত্তরে সমবেত হয় ক্রীড়াবিদ ক্রীড়া মোদি সাংস্কৃতিক কর্মী নানান শ্রেণীপেশার প্রতিনিধি। নানান শ্লোগানসহ বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গেটে অবস্হান নিয়ে প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাঠ রক্ষা কমিটির আহবায়ক গোলাম নবী দুলাল, সদস্য সচিব সাবেক পৌর কাউন্সিল রেহাতুল ইসলাম খোকা, দিনাজপুর সাংবাদিক সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার চিফ রিপোর্টার হুমায়ুন চিশতী, সাবেক পৌর চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, অ্যাডভোকেট মেহেরুল ইসলাম, আব্দুস সামাদ চৌধুরী। বক্তারা বলেন, দিনাজপুর শহরের মানুষের কাছে গোর-এ-শহীদ বড় ময়দান শুধু এক টুকরো জমি নয়। এটি একটি প্রজন্মের শৈশব, আরেক প্রজন্মের কৈশোর, হাজারো মানুষের স্মৃতি এবং দিনাজপুরের সামাজিক-সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই মাঠের সাথে জড়িয়ে আছে দিনাজপুরের মানুষের আবেগ ও আত্মপরিচয়। মাঠটির ব্যবস্থাপনা ও সর্বসাধারণের প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়ে সরকারকে একটি সুস্পষ্ট সময় সীমাসহ সিদ্ধান্ত ঘোষণার দাবি জানান বক্তারা। বড়মাঠ মুক্ত না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। মাঠের সমস্যা সমাধানে শ্রীঘ্রই সিদ্ধান্ত আসবে বলে আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসকের দ্বায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক হাফিজুর রহমান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন