বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার চায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দ্রুত দেশে ফিরুক। তিনিও এ দেশের নাগরিক, তাই আইনগত প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া হবে।
মঙ্গলবার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, এত দেরি করবেন কেন, আগে আসলে সমস্যা কী? কেন ১৬ ডিসেম্বরেই আসবেন? তিনি তো এ দেশেরই নাগরিক। তিনি পালিয়ে গেলেন কেন, এই প্রশ্নটা তাকে করা উচিত। গেছেন তো দেশের মানুষের রোষে আতঙ্কিত হয়ে।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের কৃষি উৎপাদন সক্ষমতার পুরোপুরি ব্যবহার এখনও সম্ভব হয়নি। ধানসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। বিদ্যমান সক্ষমতা কাজে লাগাতে পারলে আমরা একসময় চাল রপ্তানিকারক দেশেও পরিণত হতে পারব।
আমদানি ও রপ্তানির ব্যবধান নিয়ে করা প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, দেশের আমদানি সবসময় রপ্তানির তুলনায় বেশি, তবে এ ব্যবধান নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। বরং সামগ্রিক বাণিজ্যের পরিমাণ ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো গেলে জ্বালানি আমদানির ব্যয় কমানো সম্ভব। একইভাবে কৃষিপণ্যের উৎপাদন বাড়িয়ে খাদ্যপণ্যে আমদানি নির্ভরতা কমানো যাবে। অন্যদিকে, রপ্তানি বাড়াতে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিরও প্রয়োজন রয়েছে।
পেঁয়াজ উৎপাদনের উদাহরণ দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, একসময় এ পণ্যে আমদানি নির্ভরতা থাকলেও বর্তমানে দেশে চাহিদার তুলনায় বেশি উৎপাদন হচ্ছে। কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। এ খাতে তরুণদের সম্পৃক্ত করা গেলে কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
এর আগে কলেজ মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন খন্দকার আব্দুল মুক্তাদির।
সভায় তিনি বলেন, কলেজের দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট নিরসন ও শিক্ষার পরিবেশ উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। খেলার মাঠ, মসজিদ ও পরিবহন সমস্যার সমাধানের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধীনে ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ভবিষ্যতে কলেজটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাহিদ ইকবালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলুসহ কলেজের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।
পরে বাণিজ্যমন্ত্রী হজরত শাহ পরান (রহ.) মাজার সড়ক থেকে ভাওয়াল টিলা পর্যন্ত রাস্তা উন্নয়ন, সীমানা প্রাচীর, প্রতিরক্ষা প্রাচীর (রিটেইনিং ওয়াল) ও নালা নির্মাণকাজের উদ্বোধন করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন