শীত আসলে বাসাবাড়িতে গরম পানির প্রয়োজন বাড়ে। এ সময় অনেকেই নতুন ওয়াটার গিজার কেনার পরিকল্পনা করেন। কিন্তু বাজারে বিভিন্ন ব্র্যান্ডের অসংখ্য মডেল এবং নানা ধরনের ফিচার থাকায় সঠিক গিজারটি বেছে নেওয়া বেশ কঠিন।
শুধু দাম বা ট্যাংকের ধারণক্ষমতা (লিটার) দেখেই গিজার কিনলে পরবর্তীতে অতিরিক্ত বিদ্যুৎ বিল, পানি গরম হতে দেরি হওয়া কিংবা নিরাপত্তাজনিত ঝুঁকিতে পড়তে হতে পারে। এ ছাড়া গিজারে ‘ফাইভ-স্টার’ বা এনার্জি সেভিং রেটিং থাকলেই সব পরিস্থিতিতে বিদ্যুৎ বিল কম আসবে, এমনটি নয়; বরং ব্যবহারের ধরন, ট্যাংকের আকার ও সঠিক ইনস্টলেশনের ওপরও খরচ নির্ভর করে। তাই নতুন গিজার কেনার আগে অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করে নেওয়া জরুরি।
গিজার কেনার আগে ভেবে দেখুন, বাসায় কতজন নিয়মিত গরম পানি ব্যবহার করেন। পরিবারের সদস্য কম হলে বড় ট্যাংকের গিজার কেনার প্রয়োজন নেই; এতে অপ্রয়োজনীয়ভাবে বেশি পানি গরম করতে গিয়ে বিদ্যুৎ খরচ বাড়বে। ছোট পরিবারের জন্য ইনস্ট্যান্ট গিজার বা কম ধারণক্ষমতার স্টোরেজ গিজারই যথেষ্ট। অন্যদিকে, যৌথ বা বড় পরিবারের জন্য বেশি লিটারের স্টোরেজ গিজার সুবিধাজনক। তবে কত লিটারের গিজার কিনবেন, তা পরিবারের সদস্যসংখ্যা এবং পরপর কতজন গোসল বা গরম পানি ব্যবহার করবেন, তার ওপর নির্ভর করে ঠিক করুন।
গিজারের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে কোনো আপস করা উচিত নয়। কেনার আগে দেখে নিন, মডেলে ক্যাপিলারি থার্মোস্ট্যাট, অটোমেটিক থার্মাল কাট-অফ এবং প্রেসার রিলিজ ভালভ রয়েছে কি না। থার্মোস্ট্যাট নির্দিষ্ট তাপমাত্রায় পানি পৌঁছালে হিটিং নিয়ন্ত্রণ করে, থার্মাল কাট-অফ অতিরিক্ত গরম হয়ে গেলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় এবং প্রেসার রিলিজ ভালভ ট্যাংকের ভেতরের অতিরিক্ত চাপ বের করে দুর্ঘটনা এড়ায়। পাশাপাশি গিজার বসানোর সময় সঠিক আর্থিং ও সার্কিট ব্রেকারের মতো উপযুক্ত ইলেকট্রিক্যাল প্রোটেকশন নিশ্চিত করা জরুরি।
গিজারে পানি গরম হতে কত সময় লাগবে, তা নির্ভর করে ট্যাংকের ধারণক্ষমতা, হিটিং এলিমেন্টের ওয়াট (ক্ষমতা) এবং পানির প্রাথমিক তাপমাত্রার ওপর। সাধারণত কম ধারণক্ষমতার ট্যাংকের পানি তুলনামূলক দ্রুত গরম হয়। তবে শুধু দ্রুত পানি গরম হওয়ার কথা ভেবে প্রয়োজনের চেয়ে খুব ছোট গিজার কিনবেন না। কারণ একবার গরম পানি শেষ হয়ে গেলে পরের জনের ব্যবহারের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতে পারে। তাই প্রয়োজন ও সময়—দুই দিক বিবেচনা করেই মডেল বেছে নিন।
নিয়মিত গিজার ব্যবহার করলে বিদ্যুৎ খরচ বাড়াটাই স্বাভাবিক। তাই কেনার সময় গিজারটি এনার্জি সেভিং বা বিদ্যুৎ-সাশ্রয়ী কি না, তা পরীক্ষা করুন। এর পাশাপাশি ট্যাংকে ‘পাফ’ (PUF) ইনসুলেশন রয়েছে কি না, সেটিও দেখে নিন। এই বিশেষ ইনসুলেশন ট্যাংকের ভেতরের পানি দীর্ঘক্ষণ গরম রাখতে সাহায্য করে, ফলে বারবার পানি গরম করার প্রয়োজন হয় না এবং বিদ্যুৎ বিল সাশ্রয় হয়। পানি নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছালে অটোমেটিকভাবে হিটিং বন্ধ হওয়ার ব্যবস্থাও থাকা জরুরি।
গিজার কেনার সময় শুধু ব্র্যান্ডের নাম বা দাম নয়, ওয়ারেন্টির বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখুন। সাধারণত গিজারের বিভিন্ন অংশের ওপর আলাদা ওয়ারেন্টি দেওয়া হয়। তাই ট্যাংক, হিটিং এলিমেন্ট এবং সম্পূর্ণ যন্ত্রের ওপর আলাদাভাবে কত বছরের ওয়ারেন্টি ও বিক্রয়োত্তর সেবা দেওয়া হচ্ছে, তা কাগজপত্র দেখে নিশ্চিত হয়ে নিন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন