রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়ে পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী।
ইউক্রেনের সেনাপ্রধানের দফতর এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার (২৫ নভেম্বর) রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে নিজনি নভগোরোদ অঞ্চলের সাভাসলেইকা বিমানঘাঁটিতে এ হামলা চালানো হয়। হামলায় রুশ বিমানবাহিনীর তিনটি মিগ-৩১ এবং দুটি এসইউ-৩৪ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনীয় বাহিনী আরও দাবি করেছে, হামলায় ক্ষতিগ্রস্ত এসব বিমান আপাতত উড্ডয়ন করতে পারবে না। তবে বিমানঘাঁটিতে হামলার জন্য কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা জানায়নি ইউক্রেন।
এদিকে রাশিয়ার পক্ষ থেকেও এ হামলা কিংবা যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নিজনি নভগোরোদ অঞ্চলে অবস্থিত সাভাসলেইকা বিমানঘাঁটিটি রাশিয়ার সামরিক অভিযানের জন্য গুরুত্বপূর্ণ। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকেই ঘাঁটিটি ইউক্রেনীয় বাহিনীর লক্ষ্যবস্তু হয়ে রয়েছে।
কৌশলগত এই ঘাঁটি থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও গ্লাইড বোমা নিক্ষেপে সক্ষম যুদ্ধবিমান পরিচালনা করে রাশিয়া। বিশেষ করে মিগ-৩১ যুদ্ধবিমান উড্ডয়ন করলে ইউক্রেনজুড়ে সতর্কতা জারি করা হয়। এসব বিমানে বহন করা কিনজাল ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুতগতির এবং ইউক্রেনের গুরুত্বপূর্ণ সামরিক ও অবকাঠামোগত স্থাপনায় আঘাত হানতে সক্ষম। অন্যদিকে এসইউ-৩৪ যুদ্ধবিমান দিয়ে গ্লাইড বোমা হামলা চালায় রুশ বাহিনী।
একই অভিযানে রাশিয়ার সামারা অঞ্চলের দুটি তেল শোধনাগারেও হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। পাশাপাশি রাশিয়ার দখলে থাকা ইউক্রেনীয় ভূখণ্ডে একটি রাডার ব্যবস্থা, কয়েকটি জ্বালানি ও সামরিক সরবরাহকেন্দ্রেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন