হারানো ফুটবল ঐতিহ্য ফিরিয়ে আনা, সাবেক ফুটবলারদের মিলনমেলা এবং ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টির প্রত্যয়ে আগামী ১১ জানুয়ারি জয়পুরহাটের পাঁচবিবির মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ। মুখোমুখি হবে ইংল্যান্ড সোনালী অতীত ফুটবল ক্লাব ও পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাব। পাঁচবিবির ক্রীড়াঙ্গনে এমন আয়োজনকে ঘিরে ইতোমধ্যে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
শুধু একটি ফুটবল ম্যাচ নয়, এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণের আবেগ। পাঁচবিবির শিক্ষা, সমাজ ও ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখা মরহুম বয়েজ উদ্দিন আহমেদ স্যারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচটি তাঁর নামে উৎসর্গ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঐতিহাসিক এই আয়োজন সফল করতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় স্থানীয় গ্র্যান্ড ফুড চাইনিজ রেস্টুরেন্টে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাঁচবিবির বিশিষ্ট ব্যবসায়ী ও কৃতী সন্তান আব্দুল হাকিম মণ্ডলের সভাপতিত্বে সভায় ম্যাচের সার্বিক প্রস্তুতি, আয়োজনের পরিকল্পনা, অতিথি আপ্যায়ন ও মাঠের পরিবেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী মনোরঞ্জন শীল রতন, সড়াইল কলেজের সহকারী অধ্যাপক ও পৌর প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব, বিশিষ্ট ব্যবসায়ী ভরত প্রসাদ গোয়ালা, বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পি, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান এবং পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান অর্ণবসহ অন্যরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সোনালী অতীত ফুটবল ক্লাবের সদস্য মিজানুর রহমান।
বক্তারা বলেন, মরহুম বয়েজ উদ্দিন আহমেদ স্যার পাঁচবিবির প্রতি অসামান্য অবদান রয়েছে। তাঁর স্মৃতিকে সম্মান জানাতে ইংল্যান্ড বনাম পাঁচবিবির এই ঐতিহাসিক প্রীতি ম্যাচটি তাঁর নামে উৎসর্গ করার প্রস্তাব দেওয়া হলে উপস্থিত সবাই সর্বসম্মতিক্রমে তাতে সম্মতি জানান। ফলে ম্যাচটি শুধু ক্রীড়া আয়োজনেই সীমাবদ্ধ থাকছে না, হয়ে উঠছে একজন গুণী মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদনের বিশেষ উপলক্ষ।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ, ঐতিহ্য ও ভালোবাসার নাম। একসময় পাঁচবিবির মাঠে ফুটবল ছিল মানুষের বিনোদনের অন্যতম প্রধান আকর্ষণ। সময়ের পরিবর্তনে সেই ঐতিহ্যে কিছুটা ভাটা পড়লেও এমন আয়োজন আবারও ফুটবলকে প্রাণবন্ত করে তুলবে। নতুন প্রজন্মের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মধ্যে গড়ে তুলবে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন।
তাঁরা বলেন, ইংল্যান্ড সোনালী অতীত ফুটবল ক্লাব ও পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের এই লড়াই হবে স্মরণীয় এক ক্রীড়া আয়োজন। খেলাটি সফল করতে সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানান তাঁরা।
আয়োজকদের প্রত্যাশা, আগামী জানুয়ারিতে এই প্রীতি ম্যাচ দেখতে দেশ-বিদেশের ফুটবলপ্রেমীদের পাশাপাশি স্থানীয় ক্রীড়ানুরাগীদের ব্যাপক সমাগম ঘটবে। মাঠজুড়ে তৈরি হবে উৎসবমুখর পরিবেশ। সাবেক ফুটবলারদের মিলনমেলায় আবারও প্রাণ ফিরে পাবে পাঁচবিবির ফুটবল অঙ্গন। একই সঙ্গে স্থানীয় ক্রীড়াঙ্গনের ইতিহাসে যুক্ত হবে নতুন এক অধ্যায়।
এর আগে খেলা পরিচালনার জন্য আব্দুল হাকিম মণ্ডলকে আহ্বায়ক, তাইজুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক, ভরত প্রসাদ গোয়ালাকে সহকারী যুগ্ম আহ্বায়ক এবং মেহেদী হাসান অর্ণবকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল হেলাল, বাবুল বক্স, রানা মণ্ডল, বিশ্বনাথ গোয়ালা, জীবন কৃষ্ণ সরকার বাপ্পি ও আহসান হাবিব, সাংবাদিক আকতার হোসেন বকুল সহ আরও অনেকে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন