পৃথিবীর কাছাকাছি এখন ঘুরছে আরেকটি ক্ষুদ্র চাঁদ। তবে এটি পৃথিবীর স্থায়ী উপগ্রহ নয়। প্রায় দুই মিটার ব্যাসের একটি গ্রহাণু গত এপ্রিলে পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে সাময়িকভাবে আটকে যায়। ডিসেম্বরের শুরুতে এটি পৃথিবীর মহাকর্ষীয় প্রভাববলয় ছেড়ে আবার সূর্যকে কেন্দ্র করে পরিভ্রমণ শুরু করবে।
জ্যোতির্বিজ্ঞানীরা গ্রহাণুটির নাম দিয়েছেন ‘২০২৬ কিউকিউ৮’। আকারে ছোট হওয়ায় এবং আলো কম প্রতিফলিত করায় প্রথমবার শনাক্ত হওয়ার পরও এর পরিচয় নিশ্চিত করতে বিজ্ঞানীদের কয়েক সপ্তাহ সময় লেগেছে। শুরুতে এটি কোনো অকেজো কৃত্রিম উপগ্রহ কিংবা তার ভাঙা অংশ কি না, তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছিল। অক্টোবরের শেষ দিকে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংঘের ক্ষুদ্র গ্রহকেন্দ্র বস্তুটিকে আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত করে।
‘ক্ষুদ্র চাঁদ’ কোনো স্বীকৃত জ্যোতির্বৈজ্ঞানিক পরিভাষা নয়। এর আগে ২০০৬ আরএইচ১২০ ও ২০২০ সিডি৩ নামের দুটি প্রাকৃতিক মহাজাগতিক বস্তুকেও একই নামে অভিহিত করা হয়েছিল। এর মধ্যে প্রথমটি প্রায় এক বছর এবং দ্বিতীয়টি প্রায় তিন বছর পৃথিবীর কক্ষপথে অবস্থান করেছিল।
যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র গ্রহকেন্দ্রের পরিচালক ম্যাথিউ পেইন জানান, পৃথিবীর চারপাশে এ ধরনের সাময়িক মহাজাগতিক সঙ্গীর উপস্থিতি অস্বাভাবিক কিছু নয়। গড়ে যেকোনো সময় পৃথিবীর কাছাকাছি এমন একটি বস্তু থাকতে পারে। এসব বস্তু কখনো কয়েক সপ্তাহ, আবার কখনো কয়েক মাস পৃথিবীর মহাকর্ষীয় প্রভাবের মধ্যে ঘুরতে থাকে।
হাঙ্গেরির কনকোলি মানমন্দিরের জ্যোতির্বিজ্ঞানী ক্রিস্তিয়ান সারনেস্কি গত আগস্টে গ্রহাণুটি শনাক্ত করেন। প্রাথমিকভাবে তিনি এর নাম দিয়েছিলেন সার২৯০১। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রথম পর্যবেক্ষণে এটিকে সাধারণ গ্রহাণু বলেই মনে হয়েছিল। পরবর্তী সময়ে কক্ষপথের বিস্তারিত হিসাব-নিকাশে এর বিশেষ বৈশিষ্ট্য সামনে আসে।
বস্তুটির গতিপথ ও সৌর বিকিরণের প্রভাব কয়েক সপ্তাহ ধরে পর্যবেক্ষণের পর বিজ্ঞানীরা নিশ্চিত হন, এটি একটি প্রাকৃতিক গ্রহাণু। এ গবেষণায় যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অবস্থিত লওয়েল ডিসকভারি টেলিস্কোপ এবং হাওয়াইয়ের মাউনা কেয়ায় থাকা ২ দশমিক ২ মিটার টেলিস্কোপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিজ্ঞানীদের ধারণা, এ ধরনের অধিকাংশ গ্রহাণুর উৎপত্তি মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী গ্রহাণুবলয়ে। মহাকর্ষীয় প্রভাবে কয়েক লাখ থেকে কোটি বছর ধরে এসব বস্তুর কক্ষপথে পরিবর্তন ঘটতে পারে। একপর্যায়ে সেগুলো পৃথিবীর কাছাকাছি চলে আসে। পৃথিবীর পাশ দিয়ে তুলনামূলক কম গতিতে যাওয়ার সময় কোনো কোনো গ্রহাণু এর মহাকর্ষীয় আকর্ষণে সাময়িকভাবে আটকা পড়ে।
২০২৬ কিউকিউ৮-এর পৃথিবীতে আছড়ে পড়ার কোনো আশঙ্কা নেই। এমনকি এটি বায়ুমণ্ডলে প্রবেশ করলেও ক্ষুদ্র আকারের কারণে পুড়ে ভেঙে যাবে। ম্যাথিউ পেইন বলেন, সর্বোচ্চ এটি আকাশে উজ্জ্বল উল্কার মতো দেখা যেতে পারে। এ সময় সামান্য বিস্ফোরণের শব্দও শোনা যেতে পারে।
বর্তমানে বিজ্ঞানীরা পৃথিবীর কাছাকাছি প্রায় ৪০ হাজার গ্রহাণু শনাক্ত করেছেন। তবে চিলির ভেরা সি রুবিন মানমন্দিরের ১০ বছরব্যাপী আকাশ জরিপ শুরু হলে এই সংখ্যা দ্রুত বাড়তে পারে। গবেষকদের ধারণা, এর ফলে সৌরজগতের পরিচিত মহাজাগতিক বস্তুর সংখ্যা ১৫ লাখ থেকে বেড়ে ৫০ লাখে পৌঁছাতে পারে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন