রংপুর নগরীর মাছয়াপাড়ায় (দাসপাড়া) জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় চার্জশিট দাখিল করেছে পুলিশ।
পরে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের মোটিভ নিয়ে কথা বলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহাম্মদ মাহবুবুর রশীদ।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কিছু স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান আসামিরা। তাঁদের ভাষ্য অনুযায়ী, নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে তাঁদের দেখানো মতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তদন্তে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা প্রায় ৩৫টি নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পুলিশের দাবি, খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ, বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএ পাওয়া গেছে।
গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থ নিয়ে এলাকায় ৫০ থেকে ৬০ লাখ টাকা পাওয়ার আলোচনা ছিল। তবে তদন্তে দেখা গেছে, তিনি অবসরকালীন প্রায় ২০ লাখ টাকা পেয়েছিলেন। সেই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে। হিসাব দুটি বর্তমানে জব্দ অবস্থায় আছে।
মামলার তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এতে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাহবুবুর রশীদ বলেন, আজ বৃহস্পতিবার আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের পরিদর্শক জিন্নাত আলী। মামলায় সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে অভিযুক্ত করেই চার্জশিট দাখিল করা হয়েছে। এ ঘটনায় ওই দুজন ছাড়া আর কারো সম্পৃক্ততা পাওয়া যায়নি।
এর আগে মরদেহ উদ্ধারের পর তৎকালীন পুলিশ কমিশনার আবদুল মাবুদ জানিয়েছিলেন, ছাদে মাদক সেবন দেখে ফেলায় প্রথমে গণপতি চক্রবর্তী ও পরে তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়মকে হত্যা করেন সিদ্ধার্থ ও মুগ্ধ দাস।
পুলিশের দাবি, গণপতি চক্রবর্তীর অবসরের পর ব্যাংক থেকে তোলা ৫০ থেকে ৬০ লাখ টাকা বাড়িতে রাখা আছে বলে জানতেন আসামিরা। স্বর্ণালংকার চুরির উদ্দেশ্যে তাঁরা বাড়িতে ঢুকে চারজনকে হত্যা করেন।
তবে এ ব্যাখ্যা মানতে নারাজ নিহত গণপতির বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তিনি বলেন, ‘টাকা চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে, এটা খোঁড়া অজুহাত। এর পেছনে আরও শক্তিশালী কেউ আছে। শুরু থেকেই বলে আসছি—দুজনের পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। আমরা সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছি। কিন্তু আমাদের কথা গুরুত্ব পায়নি।’
গত ২২ আগস্ট রাতে নগরের মাছুয়াপাড়ার বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী ও ১২ বছর বয়সী ছেলে আয়ুশের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন এ ঘটনায় হত্যা মামলা করেন গোপীনাথ চক্রবর্তী। প্রথমে কোতোয়ালি থানা তদন্ত করলেও পরে মামলার দায়িত্ব নেয় মহানগর ডিবি পুলিশ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন