বেকারত্ব কমিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তাকে ২০ লাখ টাকা করে দেওয়া হবে। এর মধ্যে ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার রূপালী ব্যাংকের আদিতমারী শাখায় আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক আলমগীর।
কর্মশালায় জানানো হয়, দেশে বেকারত্বের হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচিতে মাদার ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংককে সহযোগিতা করছে রূপালী ব্যাংক পিএলসি।
কর্মসূচির আওতায় চাকরিপ্রত্যাশী তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে তাদের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে বেকারত্বের চাপ কমানোর পাশাপাশি তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এ কর্মসূচি সম্পর্কে তরুণদের মধ্যে সচেতনতা বাড়াতে দেশের বিভিন্ন উপজেলায় কর্মশালার আয়োজন করছে বাংলাদেশ ব্যাংক। এরই অংশ হিসেবে আদিতমারী উপজেলার তরুণ উদ্যোক্তাদের নিয়ে রূপালী ব্যাংকের আদিতমারী শাখায় এ কর্মশালার আয়োজন করা হয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, তরুণ উদ্যোক্তা নির্বাচনের জন্য সারাদেশের আগ্রহীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ২৮ বছরের কম বয়সী উদ্যোক্তারা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। আবেদনকারীদের মধ্য থেকে সারাদেশের প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে তরুণ উদ্যোক্তা নির্বাচন করা হবে। নির্বাচিত প্রত্যেকে ২০ লাখ টাকা পাবেন, যার অর্ধেক ঋণ এবং বাকি অর্ধেক অনুদান।
রূপালী ব্যাংক আদিতমারী শাখার ব্যবস্থাপক একরামুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক মো. আলমগীর।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন পূবালী ব্যাংক আদিতমারী উপশাখার ব্যবস্থাপক আকতারুজ্জামান, সোনালী ব্যাংক আদিতমারী শাখার ব্যবস্থাপক শাহিন ইসলামসহ উপজেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের ব্যবস্থাপকরা। কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার তরুণ উদ্যোক্তারা অংশ নেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন