নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় অব্যাহত রয়েছে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড। বিশেষ করে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার ও কার্পেটিংয়ের মাধ্যমে চলাচলের উপযোগী করে তুলতে কাজ করছে পৌর কর্তৃপক্ষ। একের পর এক সড়কের উন্নয়নকাজ দৃশ্যমান হওয়ায় শহরবাসীর মধ্যে তৈরি হয়েছে ইতিবাচক প্রত্যাশা। এরই ধারাবাহিকতায় শহরের নতুন বাবুপাড়া এলাকার গুরুত্বপূর্ণ আমিনুল হক সড়কের কার্পেটিং কাজ সম্পন্ন করেছে সৈয়দপুর পৌরসভা। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে সড়কটির কাজ শেষ হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাঁদের মতে, সড়কটি সংস্কারের ফলে দৈনন্দিন যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। স্থানীয় বাসিন্দারা জানান, আমিনুল হক সড়কটি এলাকার মানুষের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের প্রয়োজনীয়তা থাকলেও নানা কারণে তা বাস্তবায়ন হয়নি। বর্তমানে কার্পেটিং কাজ সম্পন্ন হওয়ায় তাঁদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এজন্য তাঁরা পৌর প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পৌরসভার নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আইয়ুব আলী ও সহকারী প্রকৌশলী আব্দুল খালেক জানান, পৌর প্রশাসকের নির্দেশনায় শহরের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি সড়কের সংস্কারকাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি কিছু সড়কের উন্নয়নকাজ চলমান রয়েছে। তাঁরা আরও জানান, একসঙ্গে বিভিন্ন সড়কে কাজ চলায় সাময়িকভাবে সাধারণ মানুষের চলাচলে কিছুটা দুর্ভোগ সৃষ্টি হতে পারে। এজন্য তাঁরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। তবে কাজ শেষ হলে এসব সড়ক দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন শহরবাসী। উন্নয়নকাজের সুফল দীর্ঘমেয়াদে এলাকার মানুষই ভোগ করবেন। সংশ্লিষ্টদের মতে, একটি শহরের নাগরিক সুবিধা নিশ্চিত করতে উন্নত সড়ক যোগাযোগব্যবস্থার বিকল্প নেই। তাই পরিকল্পিতভাবে সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজনীয় নাগরিক অবকাঠামো নির্মাণ অব্যাহত থাকলে সৈয়দপুর শহরের সামগ্রিক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন