পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীত ও শৈত্যপ্রবাহের আগাম ঝুঁকি মোকাবিলায় জাতীয় পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত শীতের তীব্রতা ও শৈত্যপ্রবাহে মানুষের দুর্ভোগ কমাতে আগাম পুর্বাভাসে দ্রুত পদক্ষেপ গ্রহণের কৌশল নির্ধারণই এ কর্মশালার মূল লক্ষ্য।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় তেঁতুলিয়ার ইকো মহানন্দা কটেজে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (ডিডিএম) আয়োজনে ‘আর্লি অ্যাকশন প্রটোকল ফর কোল্ড ওয়েভ রেসপন্স’ শীর্ষক এ পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সহায়তা করছে হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশন বাংলাদেশ।
কর্মশালার মাধ্যমে শৈত্যপ্রবাহের সম্ভাব্য ঝুঁকি ও পূর্বাভাস বিশ্লেষণ করে আগাম পদক্ষেপ গ্রহণের একটি জাতীয় পর্যায়ের আর্লি অ্যাকশন প্রটোকল (EAP) প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে কারিগরি সহায়তা দিচ্ছে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (এনজিও) (যুগ্মসচিব) মো. রাসেল সাবরিন, উপসচিব ও উপপরিচালক (এনজিও-২) মোহাম্মদ জাহাঙ্গীর আলী খান, উপপরিচালক (গবেষণা) কাজী মো. বদরুজ্জামান, কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট সৈয়দ আশরাফ উল ইসলাম, মন্ত্রণালয়ের উপসচিব মো. নাসির উদ্দিন, আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডা. মো. আফজালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
এ ছাড়া হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশন বাংলাদেশের ওয়াটার, ফুড অ্যান্ড ক্লাইমেট কর্মসূচির প্রধান মোহাম্মদ মাহমুদুল হাসান, পার্টনারশিপ অ্যান্ড লোকালাইজেশন কো-অর্ডিনেটর আয়াতুল্লাহ আল-মামুন, কেয়ার-এর কনসোর্টিয়াম কো-অর্ডিনেটর অ্যাঞ্জেলো হারনান মেলেনসিও এবং ইএসডিওর পরিকল্পনা ও মাঠপর্যায়ের কার্যক্রম সংশ্লিষ্ট প্রতিনিধি ছাড়াও তেতুলিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তা এনজিও-র প্রতিনিধি, গনমাধ্যমকর্মী, প্রতিবন্ধি, কৃষক জনপ্রতিনিধিগন কর্মশালায় অংশ নেন ।
শৈত্যপ্রবাহের পূর্বাভাসের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে আগাম সতর্ক করা, প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় করার বিষয়গুলো গুরুত্ব পায়। বিশেষ করে শীতপ্রবণ এই অঞ্চলের মানুষের দুর্ভোগ কমাতে পূর্বাভাসভিত্তিক অর্থায়ন ও আগাম কার্যক্রম কীভাবে কার্যকর করা যায়, তা নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকগনের প্রত্যাশা এ কর্মশালার সুপারিশ ও কারিগরি আলোচনার ভিত্তিতে প্রণীত জাতীয় আর্লি অ্যাকশন প্রটোকল শৈত্যপ্রবাহের ক্ষয়ক্ষতি ও মানবিক সংকট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন