লালমনিরহাট শহরের মিশনমোড় এলাকায় জাল নোট লেনদেনের সময় হাতেনাতে ধরা পড়েছেন এক যুবক। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কুড়িগ্রাম থেকে চক্রের আরেক সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোট ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
শুক্রবার দুপুরের দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় লালমনিরহাট সদর থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে পৃথক দুটি স্থানে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন—কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের অন্তর্গত টাপুরচর (মধ্যচর) গ্রামের শেখ ফরিদের ছেলে মো. জুলফিকার আলী (২৭) এবং কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবশ এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মো. নুর আলম (৩৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সদর থানা এলাকায় বিশেষ তল্লাশি ও অভিযান চলছিল। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বিডিআরগেট এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের মাধ্যমে খবর আসে যে, মিশনমোড়ের সীমান্ত হোটেলের সম্মুখে জাল টাকা কেনাবেচা চলছে। দ্রুততম সময়ে সদর থানার একটি টহল দল সেখানে পৌঁছালে পুলিশের টের পেয়ে পালানোর চেষ্টা করেন জুলফিকার আলী। পশ্চিম দিক দিয়ে ছুটলে পুলিশ ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলে। এ সময় তার সাথে থাকা ব্যাগ পরীক্ষা করে দুটি খামে ভরা ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। উদ্ধারকৃত নোটের মধ্যে একটি খামে ৫০০ টাকার ৩০০টি নোট (১ লাখ ৫০ হাজার টাকা) এবং অন্য খামে ২০০ টাকার ১৩০টি নোট (২৬ হাজার টাকা) ছিল। পাশাপাশি প্রায় ১৫ হাজার টাকা দামের একটি স্মার্টফোনও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুলফিকার স্বীকার করেন যে, পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবশ গ্রামের নুর আলম এবং আরও অজ্ঞাতনামা ২-৩ জনের কাছ থেকে তিনি এই জাল টাকাগুলো নিয়েছিলেন। জুলফিকারের স্বীকারোক্তি ও দেখানো মতে রাত ১টা ৫ মিনিটে কুড়িগ্রাম সদর থানা এলাকায় হানা দিয়ে নুর আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আটক এই দুই ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন সংঘবদ্ধভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাল নোট সংগ্রহ করতেন এবং তা নিজেদের কাছে রেখে পরিবহন, বণ্টন ও প্রচলন ঘটিয়ে আসছিলেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ক (খ) ধারায় আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যথাযথ আইনি পদক্ষেপ শেষে তাদের আদালতে পাঠানো হবে এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান চলমান থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন